দীর্ঘ ১২ বছর পর মঞ্চে ফিরছেন জনপ্রিয় বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। সঙ্গীতধর্মী কমেডি নাটক ‘লাইলাজ’-এর মাধ্যমে থিয়েটার জগতে তাঁর বহু প্রতীক্ষিত কামব্যাক হতে চলেছে তাঁর। এই নাটকটিতে অতিথি শিল্পীর চরিত্রে অভিনয় করবেন পঙ্কজ, যা তাঁর শিল্পীজীবনের একান্ত ব্যক্তিগত ও বিশেষ অধ্যায় হয়ে উঠছে।
পঙ্কজ ত্রিপাঠির নিজস্ব প্রযোজনা সংস্থা রূপকথা রঙ্গমঞ্চ-এর ব্যানারে এই নাটকটি প্রযোজনা করছেন তিনি ও তাঁর স্ত্রী মৃদুলা। বিশেষ আকর্ষণ, এই নাটকেই প্রথমবার বাবার সঙ্গে একই মঞ্চে অভিনয় করতে চলেছেন তাঁদের কন্যা আশি ত্রিপাঠী। উল্লেখযোগ্যভাবে, গত বছরই মঞ্চে আত্মপ্রকাশ করেছেন আশি।
থিয়েটারে ফিরে আসা এবং মেয়ের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়া প্রসঙ্গে পঙ্কজ ত্রিপাঠি এক আবেগঘন নোটে লেখেন, “থিয়েটারেই একজন অভিনেতা হিসেবে আমার যাত্রা শুরু। ১২ বছর পর মঞ্চে ফেরা একদিকে যেমন নস্টালজিক, তেমনই ভেতর থেকে একেবারে স্থির করে দেয়। সিনেমা আমাকে অনেক ভালবাসা ও স্বীকৃতি দিয়েছে, কিন্তু থিয়েটারের ওই অন্তরঙ্গতাটা একেবারেই আলাদা।”
তিনি আরও লেখেন, “থিয়েটার আপনাকে নম্র করে, চ্যালেঞ্জ ছুড়ে দেয় এবং একজন শিল্পী হিসেবে সৎ থাকতে শেখায়। ‘লাইলাজ’ আমার খুব কাছের, কারণ এই নাটক পরিবার, বন্ধুত্ব আর গল্প বলার ভালবাসা থেকে জন্ম নিয়েছে। স্ত্রী মৃদুলার সঙ্গে এই নাটক প্রযোজনা করা যাকে বলে একেবারে ভালসার পরিশ্রম, যা আমাদের আবার মনে করিয়ে দিয়েছে আমরা কেন স্বপ্ন দেখতে শুরু করেছিলাম।”
মেয়ের সঙ্গে একই মঞ্চে অভিনয় করার অনুভূতি নিয়েও আবেগ লুকোননি পঙ্কজ। তাঁর কথায়, “আশিকে প্রথমবার মঞ্চে উঠতে দেখা আমার জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি। থিয়েটার শৃঙ্খলা, ধৈর্য আর শিল্পের প্রতি সম্মান শেখায়। ওর যাত্রা শুরু করার জন্য এর চেয়ে ভাল জায়গা আর হতে পারত না।”
তিনি আরও যোগ করেন, “মঞ্চে ওর সঙ্গে থাকা মানে বাবা হিসেবে পথ দেখানো নয় বরং দু’জন অভিনেতা হিসেবে একই মুহূর্তে শেখা আর বেড়ে ওঠা। ‘লাইলাজ’-এ হাসি, গান আর উষ্ণতা আছে, কিন্তু তার সঙ্গে আছে আমাদের ব্যক্তিগত সত্য আর আনন্দ। আশা করি দর্শকরাও সেই সংযোগটা অনুভব করবেন।”
‘লাইলাজ’ নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন খ্যাতনামা থিয়েটার ব্যক্তিত্ব ফয়েজ মহম্মদ খান। প্রযোজনা করেছেন মৃদুলা ত্রিপাঠি এবং সহ-প্রযোজক পঙ্কজ ত্রিপাঠি। আগামী ৮ ফেব্রুয়ারি, মুম্বইয়ের রঙ্গশারদা মঞ্চে নাটকটির প্রথম প্রদর্শনী হওয়ার কথা।
