সংবাদসংস্থা মুম্বই: চলতি বছরের ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে দমফাটা হাসির ছবি 'ওয়েলকাম'-এর তৃতীয় পর্ব, 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'। ছবিতে অক্ষয় কুমার থাকলেও নেই 'উদয় ভাই' ও 'মজনু ভাই'। প্রসঙ্গত, এই দুই মাফিয়ার চরিত্রে কৌতুক অভিনয় করে মাতিয়ে দিয়েছিলেন নানা পটেকর এবং অনিল কাপুর। এবং ২০০৭ সালে বক্স অফিসে 'ওয়েলকাম'-এর সুপারহিট হওয়ার দায় অনেকটাই বর্তায় এই দুই 'ভাই'-এর উপর। কেন তাহলে এরকম জনপ্রিয় ছবির ফ্র্যাঞ্চাইজিতে তাঁরা নেই? কারণ ফাঁস করলেন নানা স্বয়ং।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখঢাক না রেখেই নানা বলেন, ' উদয় ও মজনুকে ছাড়া ওয়েলকাম এত জনপ্রিয় হত না। আবার উদয় ও মজনু ভাই-এর দু'টি চরিত্র একে অপরকে ছাড়া অপূর্ণ। মানে অনিলকে ছাড়া আমার চরিত্রটি জমতো না, অন্যদিকে আমার চরিত্রটি ছাড়াও অনিলের চরিত্রটি জোলো লাগত"। 'উদয় ভাই' আরও জানান,'ওয়েলকাম টু দ্য জঙ্গল' এই ছবিতে অভিনয়ের প্রস্তাব তাঁর কাছে এসেছিল। ফের একবার এই ছবিতে 'উদয় ভাই' সাজার জন্য তাঁকে অনুরোধ করা হয়েছিল। তবে কেন রাজি হলেন না তিনি? অনিল কাপুরও কেন নিজেকে এই ছবি থেকে সরিয়ে নিলেন? তাঁদের ব্যক্তিগত সম্পর্কের কি অবনতি হয়েছে? "আমাদের এই ছবির গল্প শুনে এতটুকুও মজা আসেনি। তাই না বলে দিয়েছি"- পরিস্কার বক্তব্য বর্ষীয়ান অভিনেতার।
জানিয়ে রাখা ভাল, এই ছবির সুবাদে দু'দশক পর ফের একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন অক্ষয় কুমার এবং রবিনা ট্যান্ডন।