সৃজিত মুখোপাধ্যায় রহস্য-রোমাঞ্চের রাজা। তাঁর ছবি মানেই অভিনেতা-তারকাদের মেলবন্ধন। এবং থ্রিলারে গানের অপূর্ব সংযোজন। প্রত্যেকটি ছবিতে দেখা গিয়েছে, গান দৃশ্যের সঙ্গে মিলেমিশে গিয়ে আলাদা দ্যোতনা তৈরি করেছে। পাশাপাশি, প্রত্যেকটি গান আলাদা করে কান পেতে শোনার মতোই। তাঁর আগামী ছবি ‘টেক্কা’ও একই পথে হাঁটবে সেটাই স্বাভাবিক। এবং সেই অনুযায়ী পরিচালকের আস্তিনে লুকনো একের পর এক তাস প্রকাশ্যে আসছে। যেমন প্রথমে কথা ছিল, দেব অধিকারী-রুক্মিণী মৈত্র ছাড়াও পরমব্রত চট্টোপাধ্যায়-স্বস্তিকা মুখোপাধ্যায় থাকবেন। ব্যস্ততার কারণে পরমব্রত থাকতে পারছেন না। তাঁর জায়গায় টোটা রায়চৌধুরী। থাকবেন পরান বন্দ্যোপাধ্যায়ও। 

হালের টাটকা খবর, সৃজিতের আরও এক ‘টেক্কা’ কৌশিক সেন। তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন। সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল অভিনেতার সঙ্গে। কৌশিক খবরে সিলমোহর দিয়েছেন। বলেছেন, ‘‘সৃজিতের সঙ্গে আবারও কাজ করছি। ছবিতে আমি দেবের দাদা। ওর ছবি মানেই থ্রিলার। দিন দু’য়েকের মধ্যে শুট শুরু হবে। আমার অংশের শুট কলকাতাতেই হবে।’’

এছাড়া, কৌশিক সৃজিত পরিচালিত বিবিসি-র ‘শার্লক হোমস’ সিরিজেও অভিনয় করেছেন। সেখানে তিনি গোয়েন্দার দাদা। বড় অংশের শুট হয়েছে শান্তিনিকেতনে। পাশাপাশি, মুম্বইয়েও শুট করেছেন। সেই কারণে অনেকগুলো দিন টিনসেল টাউনে কাটিয়ে ফিরলেন অভিনেতা। কলকাতায় সিরিজের শেষ দু’দিনের কাজ চলছে। রণবীর শোরে, কেকে মেননের সঙ্গে দেখা যাবে তাঁকে। আগামী মে মাসে তাঁর নাট্যদল ‘স্বপ্নসন্ধানী’ নতুন নাটক মঞ্চস্থ করবে। সেই নিয়ে উদ্দীপনায় ফুটছেন তিনি। ছোটপর্দায় তাঁর অতিসাম্প্রতিক কাজ রাজ চক্রবর্তীর ‘গোধূলি আলাপ’। ধারাবাহিকটি দর্শক প্রশংসিত। আবার কবে ছোটপর্দায় ফিরছেন তিনি? প্রশ্ন রাখতেই অভিনেতার বিনীত জবাব, এক্ষুণি ছোটপর্দা নিয়ে ভাবছেন না কৌশিক।