বিচ্ছেদের পরেও যে প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা যায়, তা আরও একবার প্রমাণ করলেন অভিনেত্রী এষা দেওল ও তাঁর প্রাক্তন স্বামী ভরত তখতানি। সম্প্রতি ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে এক দুপুরের আড্ডায় একসঙ্গে দেখা গেল এই প্রাক্তন দম্পতিকে। সেই আড্ডা থেকে একটা গ্রুপ সেলফি এষা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করতেই তা নেটপাড়ায় বেশ সাড়া ফেলে দিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলো প্রথম শেয়ার করেন এষার ঘনিষ্ঠ বন্ধু স্মৃতি খান্না। ছবিতে এষা ও ভরত ছাড়াও দেখা গিয়েছে জ্যাকি ভাগনানি, গৌতম গুপ্তা এবং ফিটনেস কোচ সত্যকে। পরে এষা নিজেই সেই ছবি তাঁর প্রোফাইলে রিপোস্ট করেন। ছবিতে বন্ধুদের সঙ্গে বেশ খোশমেজাজে পোজ দিতে দেখা গিয়েছে তাঁদের।
২০২৪ সালে আইনি বিচ্ছেদ হলেও, একে অপরের সঙ্গে তাঁরা যে কতটা স্বাচ্ছন্দ্য, তা এই ছবি দেখেই স্পষ্ট। এদিন এষার পরনে ছিল সাধারণ সাদা শার্ট ও নীল জিন্স, আর ভরত পরেছিলেন ক্যাজুয়াল অল-হোয়াইট লুকে।

অবশ্য আলাদা হওয়ার পর এই প্রথম নয়, এর আগেও গত এক বছরে দুই মেয়ের জন্য কিংবা পারিবারিক অনুষ্ঠানে বেশ কয়েকবার একসঙ্গে দেখা গিয়েছে এষা ও ভরতকে। ২০১২ সালে ধুমধাম করে বিয়ে করার পর দীর্ঘ ১১ বছর একসঙ্গে সংসার করেছিলেন এই জুটি। এরপর ২০২৪ সালের শুরুতে যৌথ বিবৃতির মাধ্যমে তাঁরা নিজেদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন। তবে বিয়ে ভাঙলেও তাঁদের পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য যে এতটুকু কমেনি, এই লাঞ্চ ডেটের ছবি যেন তারই প্রমাণ।















