শাহরুখ খান -এর আগামী অ্যাকশন থ্রিলার ছবি ‘কিং’ নিয়ে ইতিমধ্যেই সিনেপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। একে তো এই ছবির হাত ধরেই প্রথমবার রূপোলি পর্দায় বাবা-মেয়ের (শাহরুখ ও সুহানা খান) জুটিকে দেখতে পাবেন দর্শক, তার ওপর ছবিতে রয়েছে একঝাঁক চাঁদের হাট— দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর থেকে শুরু করে আরশাদ ওয়ার্সির মতো তারকারা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই মেগা প্রজেক্টের প্রতিটি আপডেট পেতে দর্শক যখন চাতক পাখির মতো অপেক্ষা করছেন, ঠিক তখনই সামনে এল আরও এক বিস্ফোরক খবর। বলিপাড়ার গুঞ্জন, এই ছবিতে এক দুর্দান্ত ‘ক্যামিও’ বা অতিথি চরিত্রে এন্ট্রি নিতে চলেছেন খোদ রণবীর সিং!
জোর খবর, ‘কিং’ ছবিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রহস্যময় চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। ছবিতে ওঁর চরিত্রটি নাকি শাহরুখ-কন্যা সুহানা খানের চরিত্রের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। শোনা যাচ্ছে, ছবির একটি টার্নিং পয়েন্টে রণবীরকে সুহানার হাতে একটি অতি গোপনীয় নথি তুলে দিতে দেখা যাবে, যা সুহানাকে সমস্ত বিপদ-আপদ কাটিয়ে নিরাপদে এগিয়ে যেতে সাহায্য করবে।যদিও ছবির নির্মাতাদের তরফ থেকে এখনও রণবীরের এই ক্যামিও নিয়ে অফিশিয়াল সিলমোহর দেওয়া হয়নি, তবে কিছুদিন আগেই এই ছবির সেট থেকে একটি ছবি ভাইরাল হয়েছিল। সেখানে কুয়াশাচ্ছন্ন অবয়ব দেখে অনুরাগীরা আন্দাজ করেছিলেন যে তাঁরা আর কেউ নন, স্বয়ং রণবীর সিং এবং বিখ্যাত পপ গায়িকা দুয়া লিপা!
গত বছর (২০২৫) ২রা নভেম্বর শাহরুখ খানের জন্মদিনে ‘কিং’ ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল। সেই দিন ছবির একটি দুর্দান্ত অ্যানিমেটেড টাইটেল টিজার ড্রপ করা হয়, যেখানে এসআরকে-র ‘সিলভার হেয়ার’ লুক এবং অ্যাকশন-প্যাকড অবতারের এক ঝলক মিলেছিল। টিজারে ব্যাকগ্রাউন্ডে কিং-এর স্পেশাল থিম সং-এর সাথে শাহরুখের মুখে একটি সংলাপ শোনা গিয়েছিল— “ভয় নই, আমি আতঙ্ক!”, যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছিল।
রেড চিলিস এন্টারটেইমেন্ট এবং মারফ্লিক্স পিকচার্সের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবিতে শাহরুখ খানকে আন্ডারওয়ার্ল্ডের একজন ঝানু ও অ্যাসাসিন-এর ভূমিকায় দেখা যাবে, এবং সুহানা থাকবেন ওঁর শিষ্যা হিসেবে, যাকে তিনি বিপজ্জনক মিশনের জন্য তৈরি করছেন।
শুটিং শুরু হওয়ার পর থেকেই ‘কিং’-এর সেট থেকে বেশ কিছু বিটিএস ভিডিও এবং ছবি ইন্টারনেটে লিক হয়ে যাচ্ছে। এতে ছবির বড় চমকগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় এবার সোশ্যাল মিডিয়া এক্স-এ ফ্যানদের উদ্দেশ্যে একটি কড়া নোটিশ জারি করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
পোস্ট করা একটি অফিসিয়াল বিবৃতিতে লেখা রয়েছে, “সমস্ত ভক্তদের কাছে অনুরোধ, দয়া করে ‘কিং’-এর সেট থেকে লিক হওয়া কোনও মাল্টিমিডিয়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট ছড়াবেন না। দর্শকদের সেরা সিনেমাটিক অভিজ্ঞতা দেওয়ার জন্য আমাদের টিম দিন-রাত এক করে কাজ করছে। আসুন, বড় পর্দায় আসল চমকের জন্য এবং আমাদের টিমের পরিকল্পনা অনুযায়ী আসল ব্যাপারগুলো সামনে আসা পর্যন্ত একটু অপেক্ষা করি। আপনাদের ভালবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ।”
রণবীর সিংয়ের এই সম্ভাব্য ‘ক্যামিও’র খবর ছড়াতেই শাহরুখ ভক্তদের উত্তেজনা এখন দ্বিগুণ। ‘পাঠান’-এর পর পরিচালক সিদ্ধার্থ আনন্দের হাত ধরে শাহরুখ ফের বক্স অফিসে কতটা সুনামি আনেন, এখন তার ই অপেক্ষায় সিনেপ্রেমীরা।















