রাকা সেন ফিরছেন। আর তাঁর প্রত্যাবর্তন মানেই ধুন্ধুমার কাণ্ড। "বোধন"-এর প্রথম সিজনে তিনি ধর্ষিত ছাত্রীর পাশে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। তাঁকে ন্যায় পাইয়ে তারপর প্রতিবাদ থামিয়েছেন। সেই রাকা এবার কাদের সমর্থনে এগিয়ে আসবেন? হইচই ওয়েব প্ল্যাটফর্ম থেকে আজকাল ডট ইনকে জানানো হয়েছে, এবার তিনি ইপিলপুরের নির্যাতিত নারীদের পাশে। সেখানে এখনও বাল্যবিবাহপ্রথা রয়েছে। আকছার নারীপাচার হচ্ছে। নানা রকম কুসংস্কারের আখড়া। রাকা সে সমস্ত অন্যায় দমন করবেন। এবারেও পাশে স্বামী ঋজু। 



সোমবার মুক্তি পেয়েছে অদিতি রায় পরিচালিত "বোধন ২" সিরিজের ট্রেলার। রাকার চূড়ান্ত জনপ্রিয়তাই তাকে আবার ফিরিয়ে এনেছে, দাবি পরিচালকের। প্রথম সামাজিক থ্রিলারের ঝলক অনুযায়ী, মধুচন্দ্রিমা যাপন করতেই ইপিলপুরের উদ্দেশ্য যাত্রা রাকা-ঋজুর। কিন্তু যেখানে রাকা সেখানেই কিছু না কিছু ঘটবে। স্থানীয় বিধায়ক সত্য প্রকাশ চৌধুরী (লোকেনাথ দে) এবং তার ছেলে সুকেনের পাকা ধানে মই দিতেই সবাই মিলে হাত ধুয়ে রাকা-ঋজুর পিছনে। আত্মরক্ষার তাগিদে রীতিমতো অ্যাকশন করতে হয়েছে রাকাকে।



বিশেষ করে একটি দৃশ্যে ভাঙা কাচ হাতে শত্রুনিধনে দেখা গিয়েছে তাকে। এরকম টানটান দৃশ্যে অভিনয় করে দারুণ খুশি সন্দীপ্তা সেন। জানিয়েছেন, রাকা সেন এবারের সিজনে আরও ভয়ঙ্কর। আগের সিজনে শুধুই শিঞ্জিনীর পাশে দাঁড়িয়েছিল। এবার তার আশ্রয়ে গ্রামের নানা বয়সের নারী। পরিচালক অদিতি জানিয়েছেন, খুব শিগগিরিই সিরিজটি দেখানো হবে। সিরিজে সন্দীপ্তা যেন দেবী দুর্গার আর এক রূপ। দ্বিতীয় সিজনে প্রথম সিরিজের একাধিক অভিনেতাকে দেখা যাবে। যেমন, কৌশিক রায়, ইন্দ্রাশিস রায়। আর রয়েছেন লোকনাথ দে, সম্পূর্ণা মণ্ডল, সৌমি চট্টোপাধ্যায় প্রমুখ। কাহিনি শর্বরী ঘোষালের।