কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার এবং ডিপফেক ভিডিওর দাপটে এবার আইনি পদক্ষেপ নিতে বাধ্য হলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। নিজের নাম, ছবি, কণ্ঠস্বর এবং ব্যক্তিত্বের অধিকার বা ‘পার্সোনালিটি রাইটস’ রক্ষার আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। ওঁর অনুমতি ছাড়া ওঁর নাম ব্যবহার করে তৈরি করা আপত্তিকর এআই কনটেন্ট, পর্নোগ্রাফিক উপাদান এবং ভুয়ো পণ্য বিক্রি বন্ধের দাবিতে এই মামলা দায়ের করা হয়েছে।
সম্প্রতি বিচারপতি জ্যোতি সিং-এর এজলাসে এই মামলার শুনানি হয়। নাগা চৈতন্যের আইনজীবী সাফ জানিয়েছেন, অভিনেতার সম্মানহানি করে ইন্টারনেট ট্রাফিক বাড়ানোর নোংরা খেলা চলছে ডিজিটাল দুনিয়ায়।
নাগা চৈতন্যের পক্ষে সওয়াল করতে গিয়ে প্রবীণ আইনজীবী বৈভব গগ্গার আদালতকে জানান, ইন্টারনেটে একাধিক ওয়েবসাইট চৈতন্যের নাম এবং ছবি ব্যবহার করে অত্যন্ত আপত্তিকর ও অশালীন কিওয়ার্ডের মাধ্যমে সার্চ ট্রাফিক টানার চেষ্টা করছে। শুধু তাই নয়, এআই প্রযুক্তির সাহায্যে তৈরি ভুয়ো ভিডিও এবং ওঁর ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিকর ও মানহানিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে।
আদালতে সওয়াল করতে গিয়ে আইনজীবী বলেন, “আজকাল ডিজিটাল প্ল্যাটফর্মে এআই টুলস, ডিপফেক প্রযুক্তি এবং ভয়েস ক্লোনিং সফটওয়্যার ব্যবহার করে অভিনেতার বানানো অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট ছড়ানো হচ্ছে বাণিজ্যিক লাভের জন্য। ওঁর ব্যক্তিগত জীবন ও পেশাগত আচরণ নিয়ে সম্পূর্ণ মিথ্যে এবং মানহানিকর অভিযোগ আনা হচ্ছে, যা ওঁর সামাজিক সম্মানের অপূরণীয় ক্ষতি করছে। এটা কোনও গঠনমূলক বা ন্যায্য সমালোচনা নয়, এটা আসলে পরিকল্পিত ট্রোলিং।”
আদালতে বেশ কিছু ইউটিউব ভিডিও এবং চৈতন্যের ছবি দেওয়া লাইসেন্সহীন বেআইনি মার্চেন্ডাইজ বা পণ্যের তালিকাও তুলে ধরা হয়। চৈতন্যের আইনজীবী মনে করিয়ে দেন যে, এর আগে এই আদালতই ওঁর পিতা তথা দক্ষিণী তারকা নাগার্জুন -এর ‘পার্সোনালিটি রাইটস’ সুরক্ষিত করেছিল।
সমস্ত তথ্যপ্রমাণ দেখার পর বিচারপতি জ্যোতি সিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক পর্যবেক্ষণ প্রকাশ করেন। আদালত স্পষ্ট ভাষায় - “আপনারা জনজীবনে আছেন, তাই সাধারণ মানুষের চেয়ে আপনারা অনেক বেশি স্পটলাইটে বা অরক্ষিত থাকেন, সেটা ঠিক। কিন্তু তার মানে এই নয় যে আপনাদের কোনও সীমা থাকবে না। সেই হেনস্থারও একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা বা লিমিটেশন আছে।”
চৈতন্যের আইনজীবী আদালতকে অনুরোধ করেন যাতে একটি ‘ডাইনামিক ইনজেকশন’ জারি করা হয়, যাতে প্রতিদিন ইন্টারনেটে গজিয়ে ওঠা এই ধরণের লিঙ্কগুলো স্বয়ংক্রিয়ভাবে ব্লক করা যায়। আদালত এই মামলায় সমন জারি করেছে এবং খুব শীঘ্রই একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ পাস করার ইঙ্গিত দিয়েছে। আগামী ৩০শে সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
পেশাগত জীবনের এই আইনি লড়াইয়ের পাশাপাশি চৈতন্যের ব্যক্তিগত জীবন নিয়েও অনুগামীদের কৌতুহলের শেষ নেই। অভিনেত্রী সামান্থা রুথ প্রভু -র সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। তবে ২০২১ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। বর্তমানে নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধুলিপালা-র সঙ্গে নতুন জীবন শুরু করেছেন। অন্যদিকে, সামান্থা বিয়ে করেছেন খ্যাতনামা পরিচালক রাজ নিদিমোরু-কে।















