বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’-র তৃতীয় পর্ব নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। কিন্তু সেই উত্তেজনার মাঝেই বড় বাধা হয়ে দাঁড়াল আইনি সমস্যা। বহু প্রতীক্ষিত ‘হেরা ফেরি ৩’ জড়িয়ে পড়েছে আইনি জটিলতায়। ফলে অনিশ্চিত হয়ে উঠেছে ছবিটির ভবিষ্যৎ। 

বিটাউন সূত্রের খবর, প্রযোজনা সংস্থা সেভেন আর্টস ইন্টারন্যাশনাল লিমিটেড আদালতে মামলা দায়ের করেছে। তাদের দাবি, ‘হেরা ফেরি’ সিরিজের আসল কপিরাইট বা স্বত্ব তাদের মালিকানায়, বলিউডের প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার নয়। এই দাবিকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিতর্ক।

সেভেন আর্টসের বক্তব্য, ২০২২ সালে তারা মালয়ালম ছবি ‘রামজি রাও স্পিকিং’ (১৯৮৯)-এর সম্পূর্ণ স্বত্ব আইনগতভাবে কিনে নেয়। এই ছবির হিন্দি রিমেক হিসেবেই ২০০০ সালে তৈরি হয়েছিল ‘হেরা ফেরি’। তাদের মতে, ফিরোজ নাদিয়াদওয়ালাকে শুধুমাত্র একবারের জন্য হিন্দি রিমেক বানানোর অনুমতি দেওয়া হয়েছিল।

অভিযোগ করা হয়েছে, এই সীমিত অনুমতির বাইরে গিয়েই ফিরোজ নাদিয়াদওয়ালা ২০০৬ সালে ‘ফির হেরা ফেরি’ তৈরি করেন। শুধু তাই নয়, তিনি আবার ‘হেরা ফেরি ৩’ বানানোর উদ্যোগ নেন এবং সেই ছবির স্বত্ব বিক্রি করেন অভিনেতা অক্ষয় কুমারের প্রোডাকশন হাউস ‘কেপ অফ গুড ফিল্মস'-এর কাছে।

সেভেন আর্টসের দাবি, যেহেতু ফিরোজ নাদিয়াদওয়ালার কাছে সিরিজের পূর্ণ স্বত্ব ছিল না, তাই তিনি তৃতীয় ছবির রাইটস অন্যের কাছে বিক্রি করতে পারেন না। এই কাজকে তারা সরাসরি কপিরাইট লঙ্ঘন বলে আদালতে জানিয়েছে। অন্যদিকে, অক্ষয় কুমারের প্রোডাকশন হাউসের বক্তব্য, তারা ফিরোজ নাদিয়াদওয়ালার কাছ থেকেই বৈধভাবে স্বত্ব কিনেছে বলে মনে করেছিল। ফলে তারাও এই মামলায় জড়িয়ে পড়েছে। এপ্রসঙ্গে ছবির সম্ভাব্য পরিচালক প্রিয়দর্শন জানিয়েছেন, তিনি আগে এমন কোনও আইনি সমস্যার কথা জানতেন না। তাই ছবির শুটিং বা মুক্তি নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।

সবমিলিয়ে আইনি জটিলতার কারণে ‘হেরা ফেরি ৩’-এর কাজ আপাতত থমকে গিয়েছে। আদালতের রায় না আসা পর্যন্ত ছবিটির ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।