টলিউডের অন্যতম পরিচিত এবং জনপ্রিয় জুটি কৌশিক সেন এবং রেশমি সেন। অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন, সর্বত্রই তাঁদের জুটি জনপ্রিয়। দু'জনে দাপিয়ে একসঙ্গে দীর্ঘ সময় ধরে মঞ্চে কাজ করেছেন। সদ্যই তাঁদের দাম্পত্য জীবনের ৩১ বছর পূর্ণ হল। আর তারপরই মা বাবার জন্য একটি আবেগঘন বার্তা লিখলেন ঋদ্ধি সেন।

ঋদ্ধি এদিন ইনস্টাগ্রামে কৌশিক সেন এবং রেশমি সেনের অল্প বয়সের ছবি পোস্ট করেছেন। সঙ্গে রয়েছে বর্তমান সময়ের একটি ছবিও। এই ছবিগুলো পোস্ট  ঋদ্ধি তাঁদের সম্পর্কের কথা ব্যাখ্যা করে লেখেন, 'মঞ্চে অভিনয়ে চলাকালীন ঘটে যায় বহু ভুল, কখনও ভুলের আকার হয় ক্ষুদ্র, আবার কিছু ভুলের আফসোস আর হতাশা হল ভর্তি করতালির সামনেও মনে করিয়ে দিতে থাকে ক্রমাগত যে আজকে যা করলাম সেটা ছিল স্রেফ চালাকি, অভিনয় নয়। তার পরের মুহূর্তে আয়নার সামনে বসে গাফিলতির গ্লানির রং চারমিজ ক্রিম আর তুলো দিয়ে মুছে ফেলে আবার নতুন দিনে ওই একই মঞ্চে ফিরে যাওয়া, আরেকবার, বারবার। জ্বলে ওঠে আলো, চেনা পোশাকে চেনা ঘামের গন্ধ, নড়বড়ে প্লাইউডের ওপর রঙের প্রলেপ দিয়ে তৈরি করা মঞ্চ বাড়িতে মাথা গোঁজার ক্ষণিকের আশ্রয়, শহরের ধোঁয়া, ধুলো আর অস্থিরতা গায়ে মেখে ঢুকে পড়া সারি সারি কালো মাথা, ট্রাফিকের যানজট পেরিয়ে এখন তাদের মাথার ভেতরে জ্বলে আছে সিগনালের চোখ রাঙানো লাল আলো। অভিনেতার পেটের ভেতরটা গুলিয়ে ওঠে আবার, কিছুক্ষণের মধ্যে সবুজ আলো জ্বললেও নানাবিধ ভাবনার যানজটে আটকে থাকা এক দল মনের ভেতরে দ্রুতগতিতে প্রবেশ করা কি আর সহজ কাজ?' 

তিনি এদিন আরও লেখেন, 'তবুও,মঞ্চে উঠতে হবে আবার। ভুল হওয়ার অগাধ সম্ভবনা। চালাকির আশ্রয়, নিজেকে প্রকাশ করার লোভ আর ইচ্ছে মত ব্যক্ত না করতে পারার ভয়, ঠিকের কোনও স্থির অর্থ নেই জেনেও কয়েক ঘন্টা সব কিছু ঠিক করে ঘটানোর দ্বায়িত্ব নিয়ে এক অদ্ভুত ক্ষণস্থায়ী জীবনের প্রেক্ষাগৃহে জন্ম নেয় আরেকটা দিন, আরেকটা সন্ধ্যা, আরেকটা রাত।' অভিনেতা তাঁর পোস্টের শেষে লেখেন, 'ভুল হয় আবার, ভুল হবেই, কারণ যা কিছু মঞ্চে ঘটে, তা ঘটায় রক্ত মাংসের কিছু মানুষ, তাই ভুল করতে করতে আচমকা খুঁজে পাওয়া যায় কিছু মুহূর্ত যা আমাদের তৈরি করা নিখুঁত মিথ্যের মঞ্চায়ন হয়ে ওঠে ভীষণ রকম সত্যি। সত্যির মুহূর্তগুলো বড্ড দুর্লভ, তাই শেষমেশ ঐটুকুই থেকে যায়। ৩১ বছর ধরে নানা ভুলের মাঝে ঘটতে  থাকুক হঠাৎ খুঁজে পাওয়া এই সত্যের মুহূর্তগুলো। পাশাপাশিক থাকুক আমার দেখা শ্রেষ্ঠ দু'জন শিল্পী, মানুষ যারা মঞ্চে সব ভুল ভুলে নতুন করে আবার শুরু করতে পারে। আর প্রেক্ষাগৃহের বাইরে তিক্ততার উদ্যেশে লিখে রাখতে পারে ‘প্রবেশ নিষিদ্ধ’। শুভ বিবাহবার্ষিকী।' 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ঋদ্ধি সেনকে দীর্ঘদিন কোনও প্রজেক্টে দেখা যাচ্ছে না। তবে কৌশিক সেনকে ২০২৫ সালের ভাইফোঁটার সময় মুক্তি পাওয়া 'স্বার্থপর' ছবিতে দেখা গিয়েছিল কোয়েল মল্লিকের সঙ্গে। অন্যদিকে রেশমি সেনকে বর্তমানে দর্শক স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'চিরসখা'য় দেখতে পাচ্ছেন।