জোরকদমে প্রচারে ব্যস্ত গৌরব চট্টোপাধ্যায়। দাদু উত্তমকুমার চট্টোপাধ্যায়কে নিয়ে তিনি ফিরছেন! ৪৪ বছর পরে সৃজিত মুখোপাধ্যায়ের ‘অতি উত্তম’ ছবিতে মহানায়ক আবারও অভিনয় করছেন। কী ভাবে? সে খবর বড়পর্দায় ফাঁস হবে মার্চ মাসের শেষে। তার আগেই নতুন খবর, একই সঙ্গে ছোটপর্দা এবং সিরিজে ফিরছেন মহানায়কের নাতি। সব ঠিক থাকলে স্টার জলসার নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। সে খবর অবশ্য আজকাল ডট ইন প্রথম জানিয়েছিল। জানা গিয়েছে, পরমব্রত চট্টোপাধ্যায়ের রোড শো ফিল্মসের আগামী সিরিজে নায়কের ভূমিকায় তিনিই। প্রযোজনায় এসভিএফ।

কার পরিচালনায় গৌরব সিরিজে অভিনয় করতে চলেছেন? তাঁর বিপরীতেই বা দেখা যাবে কাকে?

খবর, অরিত্র সেন সিরিজে হাত রাখছেন। থ্রিলার জঁর এখন বড়পর্দা, সিরিজে রমরমিয়ে চলছে। সেই ধরনের গল্পতেই দেখা যাবে গৌরবকে। সিরিজে তিনি পুলিশ অফিসারের ভূমিকায়। এবং প্রাথমিক কথা অনুযায়ী, তাঁর বিপরীতে দেখা যেতে পারে পাওলি দামকে। এও শোনা গিয়েছে, সিরিজের চিত্রনাট্য এখনও হাতে পাননি। খুব শিগগিরিই সেটি পেয়ে যাবেন তিনি। এবং ১৭ মার্চ থেকে শুট শুরু হয়ে যেতে পারে।



এ তো গেল সিরিজ কথা। ছোটপর্দায় তাঁকে কেমন চরিত্রে দেখা যাবে? ‘গাঁটছড়া’র ‘ঋদ্ধিমান সিংহ রায়’-এর মতোই দাপুটে চরিত্রে ফিরবেন গৌরব?

বিষয়টি জানতে আজকাল ডট ইন কথা বলার চেষ্টা করেছিল তাঁর সঙ্গে। নায়ক এ বিষয়ে নিরুত্তর। তবে টেলিপাড়া চুপ নেই। গুঞ্জন, আবারও ব্যবসায়ী চরিত্রেই নাকি দেখা যেতে পারে তাঁকে। যদিওও আগের চরিত্রের মতো ততটাও অভিজাত, শিক্ষিত নয় নতুন চরিত্র। বিপরীতে নায়িকা হিসেবে আনকোরা নতুন মুখ সম্ভবত দেখা যাবে। এবং এই ধারাবাহিক এপ্রিল মাসের মাঝামাঝি স্টার জলসায় সম্প্রচার শুরু হতে পারে। প্রযোজনায় সম্ভবত অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট।