পরিচালক অনীক দত্ত-র রহস্যজনক মর্মান্তিক প্রয়াণকে কেন্দ্র করে যে শোক গতকাল থেকে ছড়িয়েছে তা এখনও কেটে বেরোতে পারেনি ইন্ডাস্ট্রি এবং অনুরাগীরা। এদিন বৃহস্পতিবার ওঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে পরিবারের সিদ্ধান্তে তা পিছিয়ে দেওয়া হয়েছে। প্রথমে টলিপাড়ায় জোর গুঞ্জন ছড়িয়েছিল যে, প্রিয় পরিচালককে শেষবারের মতো নিয়ে যাওয়া হবে সত্যজিৎ রায়ের বিশপ লেফ্রয় রোডের বাড়িতে এবং তারপর অনুরাগীদের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য দেহ রাখা হবে নন্দনে। কিন্তু, সমস্ত জল্পনায় জল ঢেলে ওঁর পরিবার স্পষ্ট জানিয়ে দিল— তেমন কিছুই হচ্ছে না।
পরিচালকের প্রাক্তন স্ত্রী সন্ধি দত্ত ও কন্যা ঐশীর তরফ থেকে জারি করা এক আনুষ্ঠানিক বার্তায় জানানো হয়েছে, নন্দনে নয়, ওঁর শেষযাত্রা ও শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান সম্পন্ন হবে টলিউডের ঐতিহাসিক ‘এনটি ওয়ান স্টুডিও’-তে। ইতিমধ্যেই বাবার মৃত্যুর খবর পেয়ে সুদূর সুইডেন থেকে কলকাতায় এসে পৌঁছেছেন অনীকের কন্যা ঐশী। বিমানবন্দর থেকে সোজা ‘পিস ওয়ার্ল্ড’-এ গিয়ে বাবার নিথর দেহ দেখে এসেছেন তিনি। সঙ্গে ছিল তাঁর মা-ও।
বুধবার দুপুরে দক্ষিণ কলকাতায় প্রাক্তন স্ত্রীর আবাসনের ছাদ থেকে পড়ে অনীক দত্তর মৃত্যুর পর থেকেই ‘আত্মহত্যা’ নাকি ‘দুর্ঘটনা’— তা নিয়ে ধোঁয়াশা ছিল। তবে পুলিশ সূত্রে এবার মিলেছে এক বিস্ফোরক তথ্য। ঘটনাস্থল থেকে খোদ পরিচালকের লেখা একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করেছে পুলিশ! ফলে প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যার ঘটনা বলেই প্রায় নিশ্চিত করছেন তদন্তকারীরা।
এরই পাশাপাশি, এসএসকেএম হাসপাতাল থেকে আসা ওঁর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টটি এককথায় হাড়হিম করা। চার তলার ছাদ থেকে নিচে পড়ার সময় ওঁর শরীরে যে তীব্র অভিঘাত লেগেছিল, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ মিলেছে রিপোর্টে -
মস্তিষ্কে রক্তক্ষরণ ও ভাঙা খুলি: ছাদ থেকে পড়ার জেরে পরিচালকের মাথায় প্রচণ্ড আঘাত লাগে। ওঁর মাথার বাঁ দিকের খুলির হাড় সম্পূর্ণ ভেঙে গিয়েছে এবং তীব্র রক্তক্ষরণ হয়েছে।
পাঁজর ও কোমর চূর্ণ: ওঁর শরীরের বাঁ দিকের পাঁজর এবং বাঁ দিকের কোমর পুরোপুরি ভেঙে গিয়েছে। এছাড়া বাঁ দিকের পায়েও রয়েছে গুরুতর আঘাতের চিহ্ন।
ফুসফুসে রক্ত জমাট: পতনের তীব্রতায় ওঁর ফুসফুসের ভেতরে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। মুখ, পিঠ এবং কোমরের বাঁ দিকে চামড়া ছড়ে যাওয়ার তীব্র ঘর্ষণের চিহ্ন স্পষ্ট।
তদন্তে আরও জানা গিয়েছে, চার তলার ছাদ থেকে যখন তিনি নিচে পড়ে যাচ্ছিলেন, তখন আবাসন সংলগ্ন একটি বড় গাছের ডাল ওঁর শরীরের ভারে ভেঙে চুরমার হয়ে যায় এবং সেই ডালসমেত তিনি মাটিতে আছড়ে পড়েন।
পরিবারের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার ‘পিস ওয়ার্ল্ড’-এই রাখা থাকবে পরিচালকের দেহ। শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এনটি ওয়ান স্টুডিওর চতুর্থ তলায় শায়িত রাখা হবে অনীক দত্তকে। সেখানেই ওঁর পরিবার, টলিউডের সহকর্মী, বন্ধুবান্ধব এবং অগণিত অনুরাগী তাঁদের প্রিয় ‘অপরাজিত’ পরিচালককে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।
এনটি ওয়ান স্টুডিওর এই শ্রদ্ধাজ্ঞাপন পর্ব শেষ হতেই সেখান থেকে শুরু হবে ওঁর শেষযাত্রা। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের এই মিছিলে শামিল হওয়ার অনুরোধ জানিয়েছে ওঁর পরিবার। এরপর কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হবে ওঁর শেষকৃত্য। তীব্র রসবোধ আর স্পষ্ট কথার মানুষটির জীবনের শেষ দৃশ্যটা যে এমন একটা ট্র্যাজিক সুইসাইড নোটে শেষ হবে, তা এখনও মেনে নিতে পারছে না আপামর বাঙালি।















