ভাষা দিবসের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন এই বছরের বঙ্গ সম্মান প্রাপকদের নাম। গানের জগতে বিশেষ অবদান রাখার জন্য রাজ্য স্তরের সর্বোচ্চ নাগরিক সম্মান বঙ্গবিভূষণ পেলেন ইমন চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, বাবুল সুপ্রিয়, নচিকেতা চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, প্রমুখ। অন্যদিকে বঙ্গভূষণ সম্মানে সম্মানিত হলেন রাঘব চট্টোপাধ্যায়, অদিতি মুন্সী, রূপঙ্কর বাগচি, কার্তিক দাস বাউল, প্রমুখ। এই সম্মান পাওয়ার পর কোন তারকার কী প্রতিক্রিয়া খোঁজ নিল আজকাল ডট ইন। 

বঙ্গবিভূষণ সম্মান পেয়ে ইমন চক্রবর্তী বলেন, "আমি দিদির কাছে আজীবন কৃতজ্ঞ থাকব, রাজ্যের এই শ্রেষ্ঠ সম্মান দেওয়ার জন্য। বাংলা গানের, বাংলা ভাষার জয় হোক।" লোপামুদ্রা মিত্র জানান এই সম্মান তাঁর কাছে 'স্বপ্নাতীত'। গায়িকার কথায়, "বঙ্গবিভূষণ আমাদের রাজ্যের সর্বোচ্চ সম্মান। আমি এর আগে বঙ্গভূষণও পেয়েছি। এটা পেয়ে আমি খুবই সম্মানিত। বিশেষ করে বাংলা গান গেয়ে এই জায়গাটা পাওয়া আমার স্বপ্নাতীত।"

এবারের অন্যতম বঙ্গভূষণ প্রাপক অদিতি মুন্সীর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি তাঁর এই সম্মান উৎসর্গ করেন গুরুদের। গায়িকা বলেন, "আমি জানি না আমি এটা কতটা ডিজার্ভ করি। যেটা পেলাম সেটা পুরোটাই আমার গুরুদের জন্য। এই সম্মানটা তাঁদেরই প্রাপ্য। এটা আমার নয়, তাঁদেরই সম্মান।" অদিতি মুন্সী সদ্যই মা হয়েছেন। একরত্তিকে কি তবে তাঁর 'লাকি চার্ম' বলা যায়? প্রশ্নের জবাবে হেসে তিনি বলেন, "সে সবসময় আমার জীবন আলো করে থাকবে। এটা সঙ্গে ভাগ্যের কোনও যোগ নেই। ও আমার কাছে সবসময়ই ভাল।" 

বঙ্গভূষণ পেয়ে রাঘব চট্টোপাধ্যায় বলে , "প্রায় ৩ দশক ধরে বাংলা গানে কাজ করছি। যদিও বাংলা-হিন্দি, আমি অনেক কিছুই করেছি। বাংলা মৌলিক গান, সিনেমার গান নিয়ে এত বছর ধরে আমি যে কাজ করেছি তার জন্য এর আগে সঙ্গীত সম্মান, সঙ্গীত মহাসম্মান পেয়েছি। কিন্তু বাংলার সবথেকে সর্বোচ্চ সম্মান যেগুলো, সেটা এই প্রথম পেলাম। এটা আমার কাছে একটা বিরাট পাওয়া। একটা বিরাট বড় উৎসাহ, আশীর্বাদ যা-ই বলুন। এতে আনন্দ তো হল, আরও দায়িত্বও বেড়ে গেল, যাতে আগামীতে আরও ভাল কাজ করতে পারি। এবং বাংলা গানকে যতটা বিশ্বের দরবারে নিয়ে যেতে পেরেছি, আরও বেশি করে যেন প্রতিষ্ঠা করতে পারি। বাংলার সম্মান, বাংলা ভাষার সম্মান যেন উচ্চে রাখতে পারি।"