আজকাল ডট ইনের পক্ষ থেকে আগেই খবর দেওয়া হয়েছিল দীপান্বিতা রক্ষিত দীর্ঘ সময় পর আবারও ছোটপর্দায় ফিরছেন। জুটি বাঁধছেন শুভ্রজিৎ সাহার সঙ্গে। কিছুদিন আগে শুরু হয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক 'শুধু তোমারই জন্য'। গল্পে ফুটে উঠছে এক ত্রিকোণ প্রেমের ছবি। গল্পে 'রাহুল' অর্থাৎ শুভ্রজিৎ সাহা বহু বঙ্গ তনয়ার ক্রাশ। সুদর্শন, আকর্ষণীয় ব্যক্তিত্ব। তবে গল্প অনুযায়ী মেয়েরা যতই তাকে চাক, সে ভালবাসে একজনকেই, তিতলি। এই চরিত্রে দেখা যাচ্ছে মন্দিরা দেবনাথকে। মন্দিরা চায় আমেরিকা যেতে। যে তাকে আমেরিকা নিয়ে যাবে তার সঙ্গেই প্রেম, বিয়ে করবে সে। আর ত্রিকোণ প্রেমের তিন নম্বর কোণে রয়েছে 'রাহি' অর্থাৎ দীপান্বিতা রক্ষিত। 


রাহি পড়াশোনায় ভাল, সে পিএইচডি করবে। কিন্তু দেশের বাইরে যাওয়ার অফার এলে নাকচ করে জানিয়ে দেয় দেশে থেকেই পড়াশোনা শেষ করতে চায়। দেশ অন্ত প্রাণ সে, কিন্তু তার থেকেও বেশি ভালবাসে রাহুলকে। এতটা পর্যন্ত প্রোমোতেই দেখানো হয়েছিল। কিন্তু ধারাবাহিকের গল্প শুরু হতেই এসেছে টুইস্ট। দেখা যাচ্ছে তিতলিকে এক দেখাতেই ভাল লেগে গিয়েছে রাহুলের। আর তারপরেই সে বারবার মনের কথা জানাতে চায় তিতলিকে। কিন্তু ঘটনাচক্রে তিতলির কাছে নয়, বরং রাহির কাছে পৌঁছে যাচ্ছে তার প্রেমের বার্তা। এটা কি নিছকই কোনও কাকতালীয় ঘটনা? নাকি এর পিছনে রয়েছে নিয়তির লিখন? তা জানার জন্য চোখ রাখতে হবে ধারাবাহিকের আগামী পর্বে।


প্রসঙ্গত, এই প্রোমো প্রকাশ্যে আসার পরই দর্শকরা ধরে ফেলেছেন এটা আদতে একটি হিন্দি ধারাবাহিক 'উড়ারিয়ান'-এর রিমেক। তবে এই ধারা নতুন নয়। আগেও একাধিক বাংলা ধারাবাহিক হিন্দি ধারাবাহিকের নকল করে বানানো হয়েছে বা উল্টোটা। তাতে নতুন নাম সংযোজন হল, 'শুধু তোমারই জন্য'। শুভ্রজিৎ সাহা এবং দীপান্বিতা রক্ষিত দু'জনেই ছোটপর্দার চেনা মুখ। তবে মন্দিরা মূলত মডেল। তাঁদের তিনজনের এই রসায়ন কেমন জমে পর্দায়, বা গল্প কোন দিকে বয় সেদিকে নজর থাকবে। 'শুধু তোমারই জন্য' ধারাবাহিকটি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হচ্ছে।