বিগ বস ১৯-এর চর্চিত প্রতিযোগী তানিয়া মিত্তল কি তবে সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে জোর গুঞ্জন। একটি ভিডিও পোস্ট করে তানিয়া ক্যাপশনে লিখেছেন 'অ্যান্ড দ্য প্রিপারেশন বিগিনস'। পোস্ট হওয়ার পর থেকেই এই ভিডিওটি দাবানলের মতো ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মনে এখন একটাই প্রশ্ন, পাত্রটি আসলে কে?
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন তানিয়া, যেখানে তাঁকে কনের সাজে লাল লেহেঙ্গায় দেখা যাচ্ছে। ভিডিওর সঙ্গে রহস্যময় ক্যাপশন এবং বিয়ের প্রস্তুতির ইঙ্গিত তাঁর অনুরাগীদের কৌতূহল বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কেউ বলছেন আগামী ২৬শে ফেব্রুয়ারি তিনি বিয়ে করতে চলেছেন, আবার কারওর মতে পাত্র কোনও এক স্থানীয় রাজনৈতিক নেতা। এর আগেও 'বিগ বস'-এ থাকার সময় গায়ক অমাল মালিকের সঙ্গেও তার নাম জড়িয়ে নানা কথা রটেছে, যদিও সেসব নিছকই জল্পনা বলে মনে করা হচ্ছে।
'বিগ বস'-এর ঘরের ভিতরেও তানিয়াকে প্রায়শই তাঁর ব্যক্তিগত জীবন ও বিয়ের স্বপ্ন নিয়ে কথা বলতে শোনা যেত। সলমন খানের সামনেই তিনি জানিয়েছিলেন, তাঁর বাবা-মা তাঁকে খুব অল্প বয়সে বিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু কেরিয়ারের কথা ভেবে তখন তিনি পিছিয়ে এলেও, এখন তিনি থিতু হতে প্রস্তুত। তানিয়ার কাছের বন্ধুরা একসময় দাবি করেছিলেন, তানিয়ার বিয়ের অনুষ্ঠান নাকি দীর্ঘ ২১ দিন ধরে চলবে। এমনকী দুবাইয়ের আটলান্টিসের মতো জায়গাও নাকি তাঁর আভিজাত্যের তুলনায় কম মনে হয়েছে।
তবে তানিয়ার জীবন মানেই তো একপ্রকার বিতর্ক। এই বিয়ের খবর সামনে আসতেই ট্রোল করতে ছাড়েননি নেটিজেনরা। কেউ তাঁর আভিজাত্য নিয়ে কটাক্ষ করেছেন, আবার কেউ বিয়ের প্রস্তুতির ভিডিওকে স্রেফ 'পাবলিসিটি স্টান্ট' বা কোনও বিজ্ঞাপনের শুটিং বলে উড়িয়ে দিয়েছেন।
বর্তমানে তানিয়া বা তাঁর ঘনিষ্ঠদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই এটি সত্যিই জীবনের নতুন অধ্যায় নাকি নজর কাড়ার আরও একটি কৌশল, তা সময়ই বলবে। আপাতত 'বিগ বস'-এর এই প্রাক্তন প্রতিযোগীর বিয়ের সানাই শোনার অপেক্ষায় দিন গুনছেন তাঁর অনুরাগীরা।
