বিয়ের পর কি বদলে গিয়েছে তাপসী পান্নুর জীবন? এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। অলিম্পিক পদকজয়ী ডেনিশ ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বো-র সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবনের এমন কিছু তথ্য ভাগ করেছেন, যা তাঁর অনুরাগীদের কাছে বেশ মুখরোচক।
তাপসী জানিয়েছেন, বিয়ের পরেও তাঁর জীবন আগের মতোই আছে। জীবনের এই নতুন অধ্যায়টি তাঁর কাছে বিশেষ কোনও 'বোঝা' হয়ে ওঠেনি। অভিনেত্রী বলেন, "আমি মাঝে মাঝে ভুলেই যাই যে আমি বিবাহিত। জীবনের চাকাটা ঠিক আগের গতিতেই চলছে।" আসলে বিয়ের আগে থেকেই ম্যাথিয়াসের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল দীর্ঘদিনের। তাই নতুন করে কোনও পরিবর্তনের চাপ তাঁকে নিতে হয়নি।
সাক্ষাৎকারে তাপসী আরও জানান, ম্যাথিয়াস কখনওই তাঁর ওপর কোনও কিছুর চাপ সৃষ্টি করেননি। সম্পর্কের শুরু থেকেই তাঁদের মধ্যে এক অদ্ভুত সহজ সমীকরণ ছিল। তাপসীর কথায়, "আমি বিয়ের আগে একটাই শর্ত রেখেছিলাম—সবকিছু যেন আগের মতোই থাকে। আমি চেয়েছিলাম আমাদের রসায়নটা যেন কোনওভাবেই বদলে না যায়। আর ঠিক তাই হয়েছে।"
উদয়পুরে একটি ব্যক্তিগত এবং অন্তরঙ্গ অনুষ্ঠানে, দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বোয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলে বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। এই জুটির সম্পর্ক নিয়ে গুজব ছিল ধরেই। তবে তাপসী কখনওই আনুষ্ঠানিকভাবে সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি। এমনকি তাঁর বিয়ের কথাও টের পায়নি কাকপক্ষীতে। ২০২৪ সালের মার্চ মাসে, জুটিতে গাঁটছড়া বাঁধেন এবং বিয়ের কয়েক দিন পরে, বেশ কয়েকটি ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাথিয়াস বো-এর সঙ্গে প্রথম দেখা হয় তাপসীর। ২০১৩ সালে ডেটিং শুরু করেন দুজনে। বন্ধুত্ব থেকে প্রেম। দুজনেই লাইমলাইট থেকে দূরে রেখেছিলেন সম্পর্ককে। অবশেষে ২০২৪ এর মার্চ মাসে, উদয়পুরে ছিমছাম অনুষ্ঠানে বিয়ে সারেন তাঁরা। সম্প্রতি, তাপসীর দাম্পত্যের খুঁটিনাটি নিয়ে দেওয়া এই সাক্ষাৎকার ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের মতে, বরাবরই নিজের শর্তে বাঁচেন তাপসী, তাই বিয়ের পরের জীবনটাও সেভাবেই গুছিয়ে নিয়েছেন তিনি।
প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে তাপসী অভিনীত ছবি 'অস্সি'। পরিচালনার দায়িত্বে ছিলেন অনুভব সিনহা। ছবিটি মুক্তির পর থেকেই সমালোচকদের থেকে প্রশংসা কুড়িয়েছে।
