নিজস্ব সংবাদদাতা: ধারাবাহিক বেশিদিন ধরে চললে গল্পে মোড় আনার জন্য এগিয়ে দেওয়া হয় বেশ কিছু বছর। এরকম ছবি আগেও দেখা গিয়েছে বহু ধারাবাহিকের ক্ষেত্রে। এবার এই ছবি ফুটে উঠবে স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া'য়। এক ধাক্কায় বহু বছর এগিয়ে যাচ্ছে গল্প। 

 

বড় হয়ে যাবে 'সোনা','রূপা'। গল্প এগোবে এবার তাদেরকে ঘিরে। কিন্তু 'সোনা'-'রূপা'র চরিত্রে আসছেন কোন অভিনেত্রীরা? টলিপাড়ায় পরিচিত মুখ দিতিপ্রিয়া রায়কে দেখা যেতে চলেছে 'রূপা'র চরিত্রে। এই চরিত্রের মাধ্যমে বহুদিন পর আবারও ছোটপর্দায় ফিরছেন তিনি। 

 

আজকাল ডট ইন-এর পক্ষ থেকে দিতিপ্রিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "ছোটপর্দা আমায় পরিচিতি দিয়েছে। তাই ফেরার ইচ্ছে ছিলই। 'অনুরাগের ছোঁয়া'য় যে নতুন মোড় আস্তে চলেছে তা এতটাই অন্যরকম যে আমার ব্যক্তিগতভাবে খুব ভাল লেগেছে তাই রাজি হওয়া।"

 

দিতিপ্রিয়া আরও বলেন, "এই মুহূর্তে আমার হাতে বেশকিছু ছবির কাজ রয়েছে। তাই শুটিংয়ের সময় ম্যানেজ করাটা খুব অসুবিধার। কিন্তু প্রযোজনা সংস্থা আমার কোনও সমস্যা হবেনা বলেই আশ্বাস দিয়েছে।"

 

সূত্রের খবর, 'সোনা'র চরিত্রে দেখা যাবে নতুন মুখ। চলছে নির্বাচন পর্বও। অন্যদিকে দিতিপ্রিয়ার বিপরীতে দেখা যাবে টলিপাড়ার এক নায়ককেও। ধারাবাহিকের গল্প এগিয়ে গেলে কি আর দেখা যাবে না 'সূর্য'-'দীপা'কে? 

 

এই বিষয়ে আজকাল ডট ইন-কে 'দীপা' অর্থাৎ অভিনেত্রী স্বস্তিকা ঘোষ জানান, গল্পের মোড় অনুযায়ী মুখ্য চরিত্রে দেখা যাবে দিতিপ্রয়ার চরিত্র 'রূপা'কেই। কিন্তু 'সূর্য'-'দীপা'র কতটা ভূমিকা থাকবে এবার ধারাবাহিকে তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি। 

 

সম্প্রতি 'অনুরাগের ছোঁয়া'র একটি নতুন প্রোমো সামনে এসেছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কোন এক অজানা কারণে মাঝ নদীতে একটা খুঁটি ধরে কোনরকমে 'দীপা' আর 'সোনা'-'রুপা'কে ধরে রেখেছে 'সূর্য'। কিন্তু 'সূর্য'র হাত নিজেই ছেড়ে দেয় 'দীপা'। অন্যদিকে 'দীপা'কে হারিয়ে ভেঙে পড়ে 'সূর্য' এবং 'সোনা'-'রুপা' দু'জনকে একসাথে সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যায়। ওই টালমাটাল অবস্থায় সূর্যের হাত ফসকে ছেড়ে যায় 'রুপা'র হাত। ভেসে যায় 'রুপা'। 'সূর্য' আর 'সোনা'র থেকে আলাদা হয়ে যায় 'দীপা' আর 'রুপা'। জানা যাচ্ছে, ধারাবাহিকের এই মোড় থেকেই শুরু হতে চলেছে নতুন গল্প।