নেটফ্লিক্সের 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' বিনোদনের জগতে এক নতুন মাত্রা যোগ করেছে। দীর্ঘদিনের টিভি ফরম্যাট ছেড়ে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আসায় অনুষ্ঠানটি এখন আন্তর্জাতিক মানের। এই রিয়্যালিটি শো-এ হাজির হন বহু তারকা। তাঁদের জীবনের অজানা কাহিনিই সেইসব পর্বের মূল আকর্ষণ হয়ে ওঠে। সঙ্গে কপিল শর্মার সাক্ষাৎকারের ভঙ্গিতে কমেডি টাইমিং নজর কাড়ে দর্শকের।‌

সদ্য প্রকাশ্যে এসেছে এই রিয়্যালিটি শো-এর নতুন প্রোমো। দেখা যাচ্ছে আগামী পর্বে অতিথি হিসেবে থাকবেন অভিনেত্রী মালাইকা অরোরা। মালাইকা যদিও এর আগেও এই শো-এ এসেছেন। প্রতিবারের মতো এবারও তিনি চমক নিয়ে আসছেন। প্রোমোতে দেখা যায়, শো-এর বিশেষ অতিথি নভজ্যোত সিং সিধু মালাইকা অরোরাকে দেখে বেশ উচ্ছ্বসিত। কপিল যখন মালাইকাকে প্রশ্ন করেন, "জীবনে ভাল হওয়া বেশি জরুরি নাকি দুষ্টুমি করা?" মালাইকার উত্তরের অপেক্ষা না করেই সিধু সঙ্গে সঙ্গেই বলে ওঠেন, "মালাইকা ম্যাম যে কতটা দুষ্টু, তা আমি বলে বোঝাতে পারব না।"

কপিল তখন রসিকতা করে বলেন, মালাইকার মা-ও বোধহয় তাঁর মেয়ের সম্পর্কে এত কিছু জানেন না, যতটা সিধু জানেন! এর মাঝেই সুনীল গ্রোভার সিধুর সাজে স্টেজে এসে মালাইকার সঙ্গে 'ফ্লার্ট' করতে শুরু করেন, তাঁকে গোলাপ দেন এবং মজার ছলে বিয়ের প্রস্তাবও দিয়ে বসেন! সব মিলিয়ে বোঝা যাচ্ছে, এবারের পর্বটি দর্শককে বেশ হাসির খোরাক জোগাবে।

প্রসঙ্গত, বলিউডের হার্টথ্রব মালাইকা আরোরাকে নিয়ে নেটপাড়ায় ফের চর্চা তুঙ্গে। মালাইকা, অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টেনেছেন বেশ কিছুদিন আগেই। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি নতুন করে জল্পনা উসকে দিয়েছে। খবর অনুযায়ী, ইতালির রোমে নিজের বর্তমান প্রেমিক হর্ষ মেহতার সঙ্গে রোমান্টিক ছুটি কাটাচ্ছেন এই অভিনেত্রী।

বেশ কিছুদিন ধরেই বলিপাড়ায় ফিসফাস চলছিল যে, মালাইকার জীবনে নতুন কারওর প্রবেশ ঘটেছে। রোমের ট্র্যাভি ফাউন্টেনের সামনে মালাইকা ও হর্ষের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সেই গুঞ্জনে যেন সিলমোহর পড়ল। দু'জনকে বেশ অন্তরঙ্গ অবস্থায় নিজস্বী তুলতে দেখা গিয়েছে, যা দেখে নেটিজেনদের ধারণা-মালাইকা আবার প্রেমে পড়েছেন।

মালাইকার এই নতুন সঙ্গীকে নিয়ে কৌতূহলের শেষ নেই। জানা গিয়েছে, ৩৩ বছর বয়সী হর্ষ মেহতা পেশায় একজন সফল ব্যবসায়ী। মূলত তিনি হিরে ব্যবসায়ী হিসেবে পরিচিত। এর আগে মুম্বইয়ে পপ গায়ক এনরিকে ইগলেসিয়াসের কনসার্টে প্রথমবার এই দু'জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। তখন থেকেই সম্পর্কের গুঞ্জন শুরু হলেও এতদিন দু'জনেই 'স্পিকটি নট' ছিলেন।