আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছল নিউজিল্যান্ড। কিন্তু ইডেনের সেমিফাইনাল কি সম্পূর্ণ বিতর্কহীন থাকল?
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করামের আউট নিয়ে বিতর্ক তৈরি হল। তাঁর ক্যাচ ঠিকমতো ধরা হল নাকি ক্যাচ ধরতে গিয়ে বল মাটি ছুঁল, তা নিয়ে প্রশ্ন উঠল।
মার্করামের ক্যাচ প্রথমে ফেলেন রাচীন রবীন্দ্র। সেই রবীন্দ্রই দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে ফিরিয়ে প্রায়শ্চিত্ত করলেন। কিন্তু ড্যারিল মিচেল কি ঠিকমতো ক্যাচটা ধরেছিলেন? একাধিকবার রিপ্লে দেখে দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেনকে আউট দেওয়া হয়। তৃতীয় আম্পায়ার আবার ছিলেন ভারতীয় নীতীন মেনন।
রিপ্লেতে দেখা যায় মিচেল ক্যাচ সম্পূর্ণ করার আগে বল লাফিয়েছিল। সেটা কি মাটিতে বাউন্স করে লাফিয়েছিল নাকি মিচেলের হাতে পড়ে, সেটা স্পষ্ট বোঝা যায়নি।
ধারাভাষ্যকারদের পক্ষেও বোঝা সম্ভব হয়নি ঠিক কী হয়েছিল। তবে নীতীন মেনন কিন্তু আউট দিয়ে দেন মার্করামকে। গ্যালারিতে উপস্থিত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের বান্ধবীরা এই সিদ্ধান্তে হতবাক হয়ে যান। আপাত নিরীহ সেমিফাইনালে ওই একবারই বিতর্ক দেখা দিল। ইডেনের হৃদয় জিতে নিলেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ প্রতিশ্রুতি জাগিয়েও দক্ষিণ আফ্রিকা ফাইনালে পৌঁছতে পারল না। গতবার ফাইনালে থেমে গিয়েছিল তারা। এবার ফাইনালের আগেই থেমে গেল তাদের দৌড়।
