সংবাদসংস্থা, মুম্বই: মঙ্গলবার গায়ক হানি সিং এবং তাঁর স্ত্রী শালিনী তালওয়ার-এর বিবাহবিচ্ছেদ সম্পূর্ণ হয় দিল্লি আদালতের রায়ে। ১৩ বছরের দাম্পত্য তাঁদের। মামলা চলছিল গত আড়াই বছর ধরে। আদালতের প্রধান বিচারক (পারিবারিক আদালত) পরমজিৎ সিং প্রায় আড়াই বছরের দীর্ঘ মামলার অবসান ঘটিয়ে এই বিষয়ে দায়ের করা দ্বিতীয় প্রস্তাবের অনুমতি দেন।
হিন্দু বিবাহ আইন অনুসারে, বিবাহবিচ্ছেদের আবেদন দায়ের করার পর থেকে ৬ থেকে ১৮ মাস সময় দেওয়া হয় দম্পতিকে। এই সময়কালকে অন্তর্বর্তীকালীন সময় বলে। যার উদ্দেশ্য হল পক্ষগুলিকে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে করার জন্য সময় এবং সুযোগ দেওয়া।
হানি ২০১১ সালের জানুয়ারিতে শালিনী তলওয়ারকে বিয়ে করেছিলেন। ২০২২ সালের সেপ্টেম্বরে, বিয়ের ১১ বছর পর, হিন্দু বিবাহ আইনের ১৩বি ধারার অধীনে, পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। আদালত তাঁদের ৬ মাসের মেয়াদ মঞ্জুর করে আবেদনটি গ্রহণ করেন।.
গায়কের তরফে মামলা লড়েছেন ঈশান মুখোপাধ্যায়। মুম্বই সংবাদসংস্থার কাছে তিনি  তাঁদের বিচ্ছেদের কথা জানালেও এর কারণ সম্পর্কে কোনও মন্তব্য করেননি। অন্যদিকে শালিনীর উকিল বিবেক সিং -ও এই বিষয়ে নীরবতা বজায় রেখেছেন।