বুধবার, ২৪ জুন দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স -এর তরফে ঘোষণা করা হয়েছে যে তাঁরা ৫২৯ জনকে অস্কারের ভোটিং বডিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। যদিও এই তালিকায় স্বাভাবিক ভাবে আমেরিকার অভিনেতা এবং চিত্রনির্মাতাদের উপস্থিতি বেশি, তবুও বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিনিধিরাও থাকবেন। আর এই তালিকায় ৫২৯ জনের মধ্যে রয়েছেন ভারতের ৬ জনও। তাঁদের অন্যতম হলেন বিশাল ভরদ্বাজ। বাকি ৫ জন কে কে?
দ্য অ্যাকাডেমির তরফে সিনেমার সঙ্গে যুক্ত এমন ৫০০ জনের বেশি মানুষের কাছে এই বছর আমন্ত্রণ পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন তেয়ানা টেলর, যশ ও কুনুর, জ্যাকব এলোর্ডি, সিমু লিউ, প্রমুখ। নতুন সদস্যদের মধ্যে আছেন অ্যান্থনি র্যামোস, মিয়া গোথ, জন বার্নথাল, জেমাইন ক্লেমেন্ট, প্রমুখ। যদি নতুন যাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে তাঁরা সকলে সেটি গ্রহণ করেন তাহলে ফিল্ম অ্যাকাডেমির সদস্য সংখ্যা বেড়ে হবে ১১,৩১৯ যাঁদের মধ্যে ১০,৩৩৮ জনের থাকবে ভোটাধিকার।
ভারত থেকে যে ৬ জন এবার আমন্ত্রণ পেয়েছেন তাঁদের মধ্যে অন্যতম হাইপ্রোফাইল নাম হল সঙ্গীত পরিচালক, চিত্র নির্মাতা বিশাল ভরদ্বাজের। এছাড়া দীপা ভাটিয়া, শ্রীকর প্রসাদ, প্রমুখের নামও আছে। শ্রীকর অস্কার বিজয়ী ছবি 'আরআরআর' -এর এডিটর। এছাড়া তিনি 'তলওয়ার', 'শেরশাহ', 'সাথিয়া', 'স্কাই ফোর্স', ইত্যাদির মতো ছবিতে কাজ করেছেন। দীপা ভাটিয়া কাজ করেছেন 'কাই পো ছে', 'তারে জমিন পর', 'রক অন', ইত্যাদির মতো ছবিতে।
বিশাল ভরদ্বাজ, দীপা ভাটিয়া, শ্রীকর প্রসাদ ছাড়াও এবার ভারতের তরফে যাচ্ছেন 'রকি অউর রানি কি প্রেম' কাহানি ছবির কস্টিউম ডিজাইনার একা লাখানি। কাস্টিং ডিরেক্টর দিলীপ শঙ্কর, ডিসনি অ্যানিমেটর অভনীত কৌরের নামও রয়েছে এই তালিকায়।
গত বছর দ্য অ্যাকাডেমির তরফে যে ৩ ভারতীয় ডাক পেয়েছিলেন তাঁরা হলেন কমল হাসান, আয়ুষ্মান খুরানা এবং পরিচালক পায়েল কাপাডিয়া।
আগামী বছর ৯৯ তম অস্কার অনুষ্ঠিত হতে চলেছে। ২০২৭ সালের ১৪ মার্চ অনুষ্ঠিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। সঞ্চালনায় থাকবেন কোনান ও ব্রায়েন।















