নিজস্ব সংবাদদাতা: কান চলচ্চিত্র উৎসবের পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব বলা হয় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে (টিআইএফএফ)। এবার বসছে এই উৎসবের ৪৯তম আসর। এ আসরে নির্বাচিত হয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম বড় ছবি ‘সাবা’। আগামী ৫ সেপ্টেম্বর শুরু হওয়া ১১ দিনব্যাপী এই উৎসবে দেখানো হবে ছবিটি।

টিআইএফএফ-এর আসন্ন উৎসবে কোন ছবিগুলো নির্বাচিত হয়েছে, সদ্য তালিকা প্রকাশ করেছে আয়োজকরা। যেখানে বিশ্বের ২৪টি চলচ্চিত্রের সাথে জায়গা করে নিয়েছে ওপার বাংলার এই ছবি।

'সাবা’ পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। গত বছর মেহজাবীনের জন্মদিন উপলক্ষ্যে ‘সাবা’র পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে ছবিটি সম্পর্কে দর্শককে জানান নির্মাতারা। জানা গিয়েছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে স
ছবিটি মুক্তি পাবে। মুক্তির আগেই বিশেষ এই সম্মানে ছবি নিয়ে আরও আশাবাদী নির্মাতারা।

প্রসঙ্গত, ওপার বাংলা ছাড়িয়ে এপার বাংলাতেও জনপ্রিয়তা পেয়েছেন মেহজাবীন চৌধুরী। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও বার্তায় দেখা গিয়েছে রঞ্জিত মল্লিক ও তাঁর স্ত্রী দীপা মল্লিককে মেহজাবীনকে তাঁর অভিনয় দক্ষতার জন্য প্রশংসা করতে। প্রশংসার উত্তরে অভিনেত্রীও শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন রঞ্জিত মল্লিক ও দীপা মল্লিককে।