বাংলা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় ‘তারকাটা’। আর সেই নতুন সিরিজ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। আচমকাই প্রযোজক হিসেবে ‘তারকাটা’ থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি। 


সমাজমাধ্যমে বিক্রমের টিমের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতির বয়ান অনুযায়ী, কিছু অপ্রত্যাশিত সৃজনশীল মতভেদের কারণে ‘তারকাটা’ সিরিজের প্রযোজনা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে  'বিক্রম চ্যাটার্জী ফিল্মস'। 


জি ফাইভ বাংলায় ‘তারকাটা’র মুক্তি পাওয়ার কথা। কিন্তু সূত্রের খবর, কিছু বিষয় নিয়ে জি ফাইভ বাংলা এবং বিক্রমের প্রযোজনা সংস্থার মধ্যে ক্রমাগত মতের অমিল তৈরি হচ্ছিল। ফলে ওই ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে সম্পর্কে চিড় ধরার আশঙ্কায় এই সিরিজের প্রযোজক হিসেবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিক্রম চ্যাটার্জি। ভবিষ্যতে সিরিজটির প্রযোজনার সঙ্গে অভিনেতার সংস্থার কোনও সম্পর্ক থাকবে না।


যদিও প্রযোজকের দায়িত্ব থেকে সরলেও বিক্রম স্পষ্ট জানিয়েছেন, তিনি অভিনেতা হিসেবে এখনও ‘তারকাটা’-র অংশ রয়েছেন। সিরিজে তাঁর চরিত্রের কাজ তিনি আগের মতোই চালিয়ে যাবেন। শুধু তাই নয়, সিরিজের প্রচার এবং অন্যান্য প্রচারণামূলক কাজেও তিনি অংশ নেবেন। প্রযোজকের ভূমিকায় না থাকলেও অভিনেতা হিসেবে তিনি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান বিক্রম। 


বিবৃতিতে আরও বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভবিষ্যতের পরিকল্পনা এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় প্রয়োজন। তাই দর্শক, ব্যবসায়িক অংশীদার এবং সংবাদমাধ্যমের কাছে ধৈর্য ধরার আবেদন জানানো হয়েছে। সবকিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নেওয়ার পর সিরিজ সংক্রান্ত নতুন তথ্য প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। কেন এই মতভেদ তৈরি হল অথবা প্রযোজনার দায়িত্ব ভবিষ্যতে কারা সামলাবেন, সে বিষয়ে এখনও কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে নানা জল্পনা শুরু হলেও নির্মাতারা আপাতত মুখে কুলুপ এঁটেছেন।

‘তারকাটা’ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। সিরিজটি পরিচালনা করেছেন শমীক রায়চৌধুরী। অভিনয়ে বিক্রম চট্টোপাধ্যায়, মায়াং চ্যাং, প্রিয়াঙ্কা সরকার, সত্যম ভট্টাচার্য, সুস্মিতা রায়, জয়দীপ মুখোপাধ্যায়, প্রমুখ। জুন মাসে প্রিমিয়ার হওয়ার কথা।

প্রসঙ্গত, ছোটপর্দার হাত ধরে বিক্রম চট্টোপাধ্যায়ের সফর শুরু হয়েছিল। এরপর তিনি বড়পর্দায় দাপিয়ে কাজ করেছেন। আত্মপ্রকাশ করেছেন গায়ক হিসেবেও। সদ্যই তিনি প্রযোজনায় পা রেখেছেন।