বাংলাদেশের আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া, যিনি পদ্মাপারের পাশাপাশি এপার বাংলাতেও বারবার শিরোনাম কাড়েন। এবার ফের একবার সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। ব্যক্তিগত মুহূর্ত, ফ্যাশন স্টেটমেন্ট কিংবা গ্ল্যামারাস উপস্থিতি—সব মিলিয়ে তিনি নিয়মিতই অনুরাগীদের নজরে থাকেন। তবে এবার নতুন লুকের ভিডিও প্রকাশ করতেই প্রশংসার বদলে শুরু হয়েছে সমালোচনার ঝড়।
সম্প্রতি নিজের সোশ্যাল পেজে গাড়ির ভেতরে বসে একটি ২৪ সেকেন্ডের ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ভিডিওতে কালো রোদচশমা ও পাশ্চাত্য পোশাকে একটি গানের সঙ্গে ঠোঁট মেলাতে দেখা যায় তাঁকে। কিন্তু দর্শকের দৃষ্টি আটকে যায় তাঁর মুখের গঠনে, বিশেষ করে থুতনির অস্বাভাবিক তীক্ষ্ণতায়।

ভিডিও প্রকাশের পরই কমেন্ট বক্সে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। তীব্র কটাক্ষ। অনেকেই দাবি করেন, অতিরিক্ত প্লাস্টিক সার্জারির ফলেই তাঁর চেহারায় এমন পরিবর্তন এসেছে। কেউ লিখেছেন, বারবার সার্জারি করতেই এই অবস্থা, আবার কেউ মন্তব্য করেছেন, ভি-শেপ দেওয়ার চেষ্টায় মুখের স্বাভাবিকতা নষ্ট হয়েছে।
এতেই থেমে থাকেনি সমালোচনা। তাঁর পোশাক ও স্টাইল নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য ছুড়তে দেখা গেছে কয়েকজন নেটিজেনকে। এমনকী কেউ কেউ সরাসরি অবমাননাকর ভাষাও ব্যবহার করেছেন।

সামাজিক মাধ্যমে ফিটনেস রুটিন, জিম সেশন কিংবা গ্ল্যামারাস উপস্থিতির জন্য প্রায়ই আলোচনায় থাকেন নুসরাত ফারিয়া। কিন্তু এবারের ‘শার্প’ লুক দর্শকের বড় অংশের কাছে গ্রহণযোগ্য হয়নি বলেই মনে হচ্ছে। যদিও এই বিতর্কের জেরে এখনও পর্যন্ত অভিনেত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।
&t=313s
প্রসঙ্গত, গত বছরের মে মাসে ঢাকায় এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গ্রেফতার হয়েছিলেন নুসরত। সেই মামলায় এক দিনের জন্য তাঁর জেল হেফাজত হয়। অবশ্য তার পরের দিন সকালেই তিনি জামিন পান আদালতে। এ দিন জামিনে ছাড়া পাওয়ার কিছুক্ষণ পরেই নিজের সমাজমাধ্যমের পাতায় সবাইকে ধন্যবাদ জানিয়েছিলেন নায়িকা।
