আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের আসল লড়াই সম্ভবত আজ। রবিবার আহমেদাবাদে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। 

এর মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দল নিয়ে উঠছে প্রশ্ন। কোন চার দল সেমিফাইনাল খেলবে? ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে রাখা হলেও ভারতকে কিন্তু সেই তালিকায় রাখছেন না পাকিস্তানের প্রাক্তন তারকা মহম্মদ আমির। 

পাকিস্তানের একটি টিভি শো ;হারনা মানা হ্যায়'তে মহম্মদ আমির বলছেন, ''এটা আমার মতামত। বলছি না যে ভারত খারাপ দল। ভারতের ব্যাটিং প্রতিটি ম্যাচেই প্রায় ব্যর্থ হয়েছে। ওদের পক্ষে সেমিফাইনালে পৌঁছনো সম্ভব নয়। এই গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ আরও ভাল দল। এজন্যই আমি ভারতকে সেমিফাইনালিস্ট হিসেবে রাখিনি।'' 


আমিরের সংযোজন, ''আমার মতামত পছন্দ করবেন নাকি করবেন না, সেটা আপনাদের ব্যাপার। ভারত ফাইনাল খেলবে এটা বলতে কি আমাকে জোর করবেন? ভারত ফাইনালে খেলুক বা না খেলুক, তাতে আমার কী!  আমার মনে হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে খেলবে। কারণ ওরা বেশ ভাল ক্রিকেট খেলছে।''  আমির আসলে মনে করছেন সুপার এইটেই শেষ হয়ে যাবে ভারতের দৌড়। ফাইনাল পর্যন্ত পৌঁছতে পারবে না সূর্যকুমারের দল। 

আমিরের ভবিষ্যদ্বাণী যদি ভুল হয়! আমিরের অবশ্য তা নিয়ে মাথাব্যথা নেই। তিনি বলছেন, ''ভারত ফাইনালে উঠলে আমার কী! ওরা ফাইনাল খেললে ভাল, তাতে আমার কিছু যায় আসে না।'' 

এর আগে অভিষেক শর্মাকে আক্রমণ করেছিলেন আমির। এবার ভারতীয় দল নিয়ে পড়লেন। বলেই দিলেন এই ভারতের দৌড় সুপার এইট পর্যন্ত। ফাইনাল তো দূর অস্ত। সেমিফাইনালেও পৌঁছতে পারবে না।