নিজস্ব সংবাদদাতা: কলকাতা ভালবাসার শহর। কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ভালবাসার গল্প। এবার এই গল্প বলবে প্রিয়াঙ্কা আর রাতুল। তাদের সম্পর্কের সেতু হল এই শহর। ঠিক এক বছর আগে "আবার ফিরে এলে" এসেছিল "কাহিনি অরিজিনালস"-এর ইউটিউব চ্যানেলে। দেড় লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছে এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি। দর্শকদের ভালোবাসায় আবারও ফিরছে ‘আবার ফিরে এলে-সিজন ২"। এই সিজনেও মুখ্য চরিত্রে থাকছেন অভিনেতা অরুণাভ দে এবং অভিনেত্রী অমৃতা দেবনাথ।
ছবি প্রসঙ্গে অরুণাভ দে আজকাল ডট ইন-কে জানান, ২৫ মিনিটের এই ছোট ছবিটি দর্শকদের অনেক বড় অনুভূতির সাক্ষী করবে। রাতুল আর প্রিয়াঙ্কার ছোটবেলা থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে ভাললাগা, না বলতে পারা,এইসবের গল্প উঠে এসেছিল আগের সিজনে। নতুন সিজনে রাতুল কি প্রিয়াঙ্কাকে ভালবাসার কথা বলতে পারবে, না হারিয়ে যাবে ছোটবেলার ভালবাসা? সেই গল্পই দেখানো হবে। ছবিতে কলকাতাকে যেভাবে দেখানো হয়েছে তা সত্যিই অন্যরকম। বাঙালি আর কলকাতার মিশেলও ফুটে উঠবে ছবিজুড়ে।
ছবিতে নিজের চরিত্র নিয়ে অভিনেত্রী অমৃতা দেবনাথ জানান, নব্বই দশকের প্রেমের মতো নায়িকা এখানে ভালবাসার কথা মুখ ফুটে বলতে পারেনা। নায়কের কাছেই আশা করে কবে সে বলবে "ভালবাসি"। কিন্তু সেই আশায় দিন গুনলেও প্রেম আর হয়না। তাই কলকাতা ছাড়ে নায়িকা। ফিরে আসে হবু বরকে সঙ্গে করে। এখানেই গল্পের টুইস্ট।
আগামী ১০ জুন "কাহিনি অরিজিনালস"-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এই ছোট ছবিটি। অরুণাভ, অমৃতা ছাড়াও তাঁদের সঙ্গে এবার দেখা যাবে মুকুল কুমার জানা, ঈশিতা মজুমদার ও শিলাজিৎ ভট্টাচার্যকেও। নির্দেশনায় রয়েছেন বিশ্বদীপ বিশ্বাস ও চিত্রগ্রহণে অরুণাভ রায়। কলকাতা আর নস্টালজিয়ার এই মিশেলে দর্শক আবার গা ভাসাবে তা নিয়ে আশাবাদী ছবির কলাকুশলীরা।
















