সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?

 

সৎ মেয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রূপালির


সৎ মেয়ের বিরুদ্ধে এবার মানহানির মামলা করলেন টেলি অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়। ক্ষতিপূরণ বাবদ সৎ মেয়ের কাছ থেকে ৫০ কোটি টাকাও দাবি করলেন তিনি।সোশ্যাল মিডিয়া পোস্ট এবং সাক্ষাৎকারের মাধ্যমে এশা একাধিক অভিযোগে বিদ্ধ করেছেন রূপালিকে। এমনকী, তাঁর বাবা অশ্বিনী কুমার বর্মার সঙ্গে রূপালি পরকীয়ায় জড়িয়েছিলেন বলেও দাবি তোলেন তিনি। এই বিষয়ে এতদিন চুপ থাকলেও এবার কড়া পদক্ষেপ নিলেন পর্দার 'অনুপমা'।


শালিনীকে কেন‌ 'মা' ডাকে না ছেলে? 


সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন দিল্লির বিশিষ্ট শিল্প বিশেষজ্ঞ শালিনী পাসি। তাঁকে দেখা গিয়েছে 'ফ্যাবিউলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস'-এ। যেখানে তাঁর সঙ্গে দেখা গিয়েছে ঋদ্ধিমা কাপুর সাহানি, কল্যাণী সাহা চাওলা, মাহিপ কাপুর, নীলম সোনি, ভাবনা পাণ্ডে এবং সীমা সজদেহকে। ৪৮ বছর বয়সেও নিজের সৌন্দর্য যেভাবে ধরে রেখেছেন তা নিয়ে নেটিজেনদের চর্চায় থাকেন শালিনী। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে শালিনী বলেন, "মাত্র ২০ বছর বয়সে ছেলে রবিনের জন্ম দিই। ওর সঙ্গেই একপ্রকার বেড়ে ওঠা। আমরা ভাই-বোনের মতো সময় কাটাতাম। ছোটবেলায় রবিন আমায় নাম ধরে ডাকত। তারপর বড় হতে এখন 'মা' ডাকে।"


মল্লিকাকে নিয়ে বিস্ফোরক শাহরুখ! 


করণ জোহরের টক শোয়ে এসে একবার ছেলে আরিয়ান খান ও মল্লিকা শেরাওয়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন শাহরুখ খান। করণ জোহর তাঁকে প্রশ্ন করেন, যদি মল্লিকা শেরাওয়াতের উপর আরিয়ানের ক্রাশ থাকে, তাহলে শাহরুখ কী করবেন? জবাবে 'কিং খান' মজার ছলে বলেন, "আরিয়ান এখন অনেক ছোট, তাই মল্লিকার উপর ক্রাশ থাকলে সে ওঁর সঙ্গে খেলা করবে। আমি তখন আরিয়ানকে বলব, আমায় যেন মল্লিকার সঙ্গে খেলার সুযোগ করে দেয়।"