‘বিগ বস ১৩’-এর ঘর মানেই ছিল টানটান উত্তেজনা, সমীকরণের পালাবদল আর সম্পর্কের ওঠাপড়া। তবে সব কিছুকে ছাপিয়ে দর্শকের মন জয় করেছিল শেহনাজ গিল ও সিদ্ধার্থ শুক্লার বন্ধুত্ব। সম্প্রতি যদিও আবু মালিক দাবি করেছেন, শুরুর দিকে নাকি শেহনাজের সঙ্গে নিজেকে জড়াতে খুব একটা আগ্রহী ছিলেন না সিদ্ধার্থ।

এক অনুষ্ঠানে হাজির হয়ে ‘বিগ বস ১৩’-এ কাটানো সময়ের স্মৃতি রোমন্থন করেন আবু মালিক। সেখানেই তিনি জানান, সিদ্ধার্থ প্রথম দিকে শেহনাজ ও আসিম রিয়াজ, দু’জনকে নিয়েই নানা মন্তব্য করতেন। আবুর কথায়, সিদ্ধার্থ একবার মজা করে বলেছিলেন, আসিম নাকি হিটলার কে, তা-ই জানতেন না। সেই প্রসঙ্গেই শেহনাজকে নিয়ে রসিকতা করে সিদ্ধার্থ নাকি বলেছিলেন, “ও যদি হিটলার না চেনে, তা হলে ও হয়তো জার্মানিও চেনে না। এখন তুমি চাও আমি এদের সঙ্গে যুক্ত হই?” আবু অবশ্য এটিকে হালকা মজার ছলেই দেখেছেন। তাঁর মতে, সিদ্ধার্থের স্বভাবই ছিল সোজাসাপ্টা কথা বলা।

শুরুর সংশয় যদিও দ্রুতই কাটিয়ে ওঠেন সিদ্ধার্থ। প্রথম কয়েক সপ্তাহ থেকেই শেহনাজ প্রকাশ্যে তাঁর প্রতি অনুরাগের কথা বলতে শুরু করেন। তাঁর সরলতা, খুনসুটি আর নির্ভেজাল আচরণ বাড়ির আবহে আলাদা মাত্রা যোগ করেছিল। তাঁদের সম্পর্ক দর্শকের কাছে বিশেষ হয়ে ওঠে।

শো শেষ হওয়ার পরও তাঁদের বন্ধুত্ব নিয়ে আলোচনা থামেনি। যদিও কখনওই তাঁরা প্রকাশ্যে নিজেদের সম্পর্কের নাম দেননি, তবু অনুরাগীদের কাছে ‘সিডনাজ’ জুটি ছিল অত্যন্ত জনপ্রিয়। ২০২০ সালে ‘বিগ বস ১৩’-এর বিজয়ী হন সিদ্ধার্থ।

২০২১ সালের ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৪০ বছর বয়সে প্রয়াত হন সিদ্ধার্থ। তাঁর মৃত্যুর পর শেহনাজ ‘তু ইয়াহি হ্যায়’ নামের একটি আবেগঘন মিউজিক ভিডিও প্রকাশ করেন। যা ছিল প্রেমিকের প্রতি তাঁর শ্রদ্ধার্ঘ্য। ‘বিগ বস ১৫’-এর ফাইনালেও বিশেষভাবে সিদ্ধার্থকে স্মরণ করেন তিনি।

সম্প্রতি এক পডকাস্টে শেহনাজ বলেন, সিদ্ধার্থ তাঁকে জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গিয়েছেন। তাঁর কথায়, সেই কঠিন সময়ের পরই তিনি আরও পরিণত হয়েছেন।

শেহনাজকে শেষ দেখা গিয়েছে ‘ইক কুড়ি’ ছবিতে। এর আগে তিনি ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ ছবিতে অভিনয় করেন। যা ২০২৩ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এছাড়া ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ ছবির ‘সাজনা ভে সাজনা’ গানে তাঁকে দেখা যায়।