সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

সিঙ্গল ফাদার হতে চান, আগে জিতেন্দ্রকে সে কথা জানাননি তুষার! 

২০১৬ সালে সরোগেসির মাধ্যমে পিতৃত্বের সুখ পান অভিনেতা তুষার কাপুর। ভূমিষ্ট হয় তাঁর সন্তান লক্ষ্য। এবার এই বিষয়ে একটি অজানা তথ্য প্রকাশ্যে আনলেন তুষার কাপুর। জানালেন, তিনি যে সিঙ্গল ফাদার হতে চান, সে কথা আগে তিনি তাঁর বাবা জিতেন্দ্রকে জানাননি। অভিনেতার কথায়, 'আমি আমার বাবার মতোই ভীষণ ওল্ড স্কুল। কিন্তু তাও একে অন্যের থেকে ভীষণ আলাদা। পাঁচ বছর আমেরিকায় থাকার পর, আমি স্বাধীন ভাবে, একা বাঁচতে শিখি। আমি কখনও বিয়ে করিনি। আমার এক সন্তান আছে, আমি সিঙ্গল ফাদার। যদিও আমার বাবার এই বিষয়টা পছন্দ হয়নি। তাঁর মতে, বিয়ে করে তারপর সন্তান হওয়া উচিত। উনি ভীষণ পুরনো ধ্যান ধারণার মানুষ।' কিন্তু কেন বিয়ে করেননি তুষার কাপুর? তাঁর মতে, বিয়ে বিষয়টা সবার জন্য নয়। 

ফের আইনি গেরোয় ধনুষ!  

বিয়ের চর্চার মাঝেই ফের আইনি গেরোয় ধনুষ। জানা গিয়েছে প্রযোজনা সংস্থা থেনান্ডাল ফিল্মস তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছে, দীর্ঘ দিন ধরে একটি প্রজেক্টকে ক্রমাগত পিছিয়ে দেওয়ার জন্য। আর এই ঘটনায় তারা অভিনেতার থেকে ২০ কোটি টাকার খোরপোষ চেয়েছে। জানিয়েছে, তারা আর্থিক সমস্যায় ভুগছেন অভিনেতা ক্রমাগত ছবির কাজ পিছিয়ে দেওয়ার জন্য। ২০১৬ সালে নান 'রুদ্রান নামক' একটি ছবিতে সই করেছিলেন ধনুষ। কিন্তু এখনও পর্যন্ত সেই ছবির শুটিং করেননি। এমনকী এই ছবিতে অভিনয়ের পাশাপাশি অভিনেতারই পরিচালনা করার কথা ছিল। এই ছবিতে ধনুষ ছাড়াও নাগার্জুন আক্কিনেনি এবং এসজে সূর্যারও থাকার কথা ছিল। 

ভারতীয়দের সবসময় ভিকটিম হিসেবেই দেখানো হয়ে হলিউডে, দাবি 'রামায়ণ'-এর প্রযোজকের

ভিএফএক্স স্টুডিও হেড নমিত মালহোত্রা জানিয়েছেন তাঁর আগামী প্রযোজিত ছবি রামায়ণ'-এ ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরা হবে। তাঁরা এই ছবিতে এমন ভাবে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতে চাইছেন যা এর আগে পশ্চিমী দেশ বা হলিউড দেখেনি। তিনি এদিন এও দাবি করেন যে হলিউডে ভারতীয়দের সবসময় ভিকটিম হিসেবে দেখানো হয়। তাঁরা এদেশের সংস্কৃতি বা ইন্ডাস্ট্রিকে সম্মান করে না বলেই জানান। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, নীতীশ তিওয়ারি পরিচালিত রামায়ণ' দুটি ভাগে আসবে। এখানে মুখ্য ভূমিকায় থাকবেন রণবীর কাপুর এবং সাই পল্লবী।