দিল্লির জেলে বন্দি কনম্যান সুকেশ চন্দ্রশেখর আবারও খবরের শিরোনামে। কয়েক কোটি টাকার প্রতারণা মামলায় অভিযুক্ত সুকেশ ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে উদ্দেশ্য করে একটি দীর্ঘ প্রেমপত্র লিখেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ‘এই ঠান্ডা দেয়াল আর লোহার শিকের আড়ালে তোমার থেকে বিচ্ছিন্ন’। এবং নিজেকে তুলনা করেছেন ‘মরুভূমিতে পথ হারানো এক মানুষের’ সঙ্গে।
জ্যাকলিনকে বিলাসবহুল উপহার দেন সুকেশ। এবারও তিনি নাকি অভিনেত্রীকে একটি বিলাসবহুল কালো হেলিকপ্টার উপহার দিয়েছেন, যার গায়ে তাঁর নামের আদ্যক্ষর ‘JF’ খোদাই করা। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি, হেলিকপ্টারের ভিতর ও বাইরের নকশা তাঁদের ‘জেট ও ইয়ট’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। চিঠিতে সুকেশ লিখেছেন, এই হেলিকপ্টার নাকি জ্যাকলিনকে দূরবর্তী শুটিং লোকেশনে যাতায়াত বা ‘মুম্বইয়ের বিশৃঙ্খল ট্র্যাফিকের উপর দিয়ে উড়ে যাওয়ার’ সুযোগ করে দেবে।
তিনি আরও দাবি করেছেন, হেলিকপ্টারটি তাঁর কঠোর পরিশ্রমের উপার্জিত অর্থে কেনা। কোনও কথিত অপরাধের টাকায় নয়।
চিঠিতে সুকেশ আকও লিখেছেন, ‘বেবি, আমার বোম্মা, তোমাকে কাছে পেয়ে তারার নীচে কানে কানে মনের কথা বলতে চাই… দূরত্ব থাকলেও আমার ভালবাসা সব ফাঁক পূরণ করে আমাদের একসঙ্গে টেনে আনে।’
এছাড়াও তিনি জ্যাকলিনের কাছে ক্ষমা চেয়েছেন। তাঁর বক্তব্য, তাঁর কারণে যে আইনি জটিলতা, অস্বস্তি ও মানসিক চাপের মুখোমুখি হতে হয়েছে অভিনেত্রীকে, তার জন্য তিনি গভীরভাবে অনুতপ্ত। সুকেশ দাবি করেছেন, ‘তুমি শুধু আমাকে ভালোবেসেছিলে বলেই এই বোঝা বইতে হয়েছে।’
চিঠিতে আরও লেখা হয়েছে, জ্যাকলিন নাকি ‘শুধু তাঁরই’ এবং ‘চিরদিনের জন্য তাঁর আত্মার সঙ্গে জড়িত’। এমনকি তিনি দাবি করেছেন, ‘তোমার হৃদয়ের এক কণাও অন্য কোনও পুরুষ দাবি করতে পারবে না।’
সুকেশ জ্যাকলিনকে বেভারলি হিলসে একটি বিলাসবহুল বাড়িও
উপহার দিয়েছেন। উপহারের সঙ্গে একটি চিঠিও পাঠিয়েছেন তিনি। সেই চিঠিতে সুকেশ লেখেন, ‘মেরি ক্রিসমাস, বেবি। এই উৎসবটা আমাকে সব সময় তোমার সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত আর অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেয়। আর তোমার প্রতি আমার পাগল করা ভালবসার কথাও। যা সব সময়ই আমার মনের মধ্যে থাকে।’
চিঠিতে তিনি আরও লেখেন, ‘আজকের এই বিশেষ দিনে তোমার সেই খরগোশের মতো মিষ্টি হাসিটা দেখতে না পারার জন্য আমি দুঃখিত। বেবি, এই পবিত্র ও আনন্দময় দিনে আমি তোমাকে উপহার দিচ্ছি ‘দ্য লাভ নেস্ট’। বেভারলি হিলসে তোমার নতুন বাড়ি, আমাদের নতুন বাড়ি।
