অরিজিৎ সিংকে ‘মানাতে’ মুর্শিদাবাদের বহরমপুরে টানা তিন দিন কাটালেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। মঙ্গলবার বিকেলে সেই হোটেল ছেড়ে জিয়াগঞ্জে অরিজিতের স্টুডিওতে যান তিনি। আর সেই সফর ঘিরেই এখন তুঙ্গে জল্পনা, তবে কি অরিজিতের সঙ্গে বড় কোনও প্রজেক্টের প্রস্তুতি শুরু করেছেন আমির?
স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার বিকেল চারটে নাগাদ বহরমপুরের লালদিঘি এলাকার একটি বিলাসবহুল হোটেল থেকে বের হন আমির। তাঁকে এক ঝলক দেখার জন্য হোটেলের সামনে ভিড় জমে যায়। বেসমেন্ট থেকে গাড়ি বেরোনোর সময় আমির গাড়ির ভিতর থেকেই হাত নেড়ে অভিবাদন জানান অনুরাগীদের।
এরপর কড়া নিরাপত্তায় তাঁকে নিয়ে যাওয়া হয় জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের স্টুডিওতে। তবে স্টুডিওর সামনে প্রচুর মানুষের ভিড় থাকায় সামনের দরজা দিয়ে প্রবেশ সম্ভব হয়নি। শেষ পর্যন্ত পিছনের দরজা দিয়েই স্টুডিওতে ঢোকেন আমির। মজার বিষয়, তাঁর স্টুডিওতে ঢোকার কিছুক্ষণ আগেই স্কুটিতে করে অরিজিত সিংকে বাড়ি থেকে বেরিয়ে সেখানে যেতে দেখেন স্থানীয়রা।
হোটেল সূত্রে জানা গিয়েছে, গত তিন দিন বহরমপুরে থাকার সময় আমির খান ও তাঁর টিমের কেউই হোটেলের খাবার খাননি। তাঁদের জন্য সমস্ত খাবার এসেছিল জিয়াগঞ্জে অরিজিতের বাড়ি থেকেই। যদিও মঙ্গলবার পর্যন্ত হোটেলে তাঁদের বুকিং ছিল, তবে মঙ্গলবার রাতে আমির ফের বহরমপুরে ফিরবেন কি না, তা নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, মুর্শিদাবাদ থেকে শান্তিনিকেতন বা বোলপুরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
প্রসঙ্গত, রবিবার রাতে কলকাতার দমদম বিমানবন্দরে দেখা যায় আমির খানকে। কোনওরকম আনুষ্ঠানিকতা ছাড়াই, ধূসর টি-শার্ট, কালো জ্যাকেট ও জলপাই রঙের ট্রাউজারে সাদামাটা বেশে বাংলার মাটিতে পা রাখেন তিনি। সম্ভবত ভক্তদের নজর এড়াতেই এমন অনাড়ম্বর উপস্থিতি। সেদিন রাতেই সড়কপথে গোপনে পৌঁছে যান জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়িতে। যদিও রাত কাটানোর পর ফের বহরমপুরে ফিরে আসেন তিনি। মঙ্গলবার ভোরে আবার অরিজিতের বাড়ি থেকে বেরিয়ে হোটেলে ঢুকেছিলেন আমির।
এই সফর ঘিরে জল্পনা এখন তুঙ্গে। অনেকের ধারণা, কোনও বড় ছবি বা বিশেষ প্রজেক্টে একসঙ্গে কাজ করতে চলেছেন আমির খান ও অরিজিৎ সিং। যেহেতু অরিজিৎ বর্তমানে মুর্শিদাবাদে নিজের অত্যাধুনিক স্টুডিওতেই গানের অ্যারেঞ্জমেন্ট, মিক্সিং ও রেকর্ডিংয়ের কাজ সারেন, তাই অনুমান আমির হয়তো নিজের কণ্ঠে কিছু রেকর্ড করতেই এই ঝটিকা সফরে এসেছেন।
যদিও এই মুহূর্তে আমির খান বা অরিজিৎ সিং-দু’জনের কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। ফলে রহস্য বাড়ছে আরও।
