ঝড় বয়ে গিয়েছিল তাঁর জীবনে। তছনছ হয়ে গিয়েছিল সবটা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর দীর্ঘ সময় ধরেই নানা বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে ছিলেন রিয়া চক্রবর্তী। এমন মাদককাণ্ডে হাজতবাসও করতে হয় তাঁকে। এত কিছুর পর রিয়াকে দেখা গিয়েছিল মাত্র একটি ছবিতে। ‘চেহরে’। যার শুটিং সুশান্তের মৃত্যুর আগেই সম্পন্ন হয়েছিল। এরপর বড়পর্দা ও ওটিটি থেকে প্রায় সম্পূর্ণভাবেই দূরে ছিলেন তিনি। তবে এবার অভিনয়ে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত রিয়া। নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘ফ্যামিলি বিজনেস’-এর মাধ্যমে আবার পর্দায় ফিরছেন তিনি, যেখানে তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনিল কাপুর ও বিজয় বর্মা।
মঙ্গলবার মুম্বইয়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নেটফ্লিক্স তাদের নতুন ছবি ও সিরিজের তালিকা ঘোষণা করে। সেই অনুষ্ঠানেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ‘ফ্যামিলি বিজনেস’ সিরিজটির, সঙ্গে প্রকাশিত হয় তার টিজারও। টিজারটি শেয়ার করে নেটফ্লিক্স ইনস্টাগ্রামে লেখে, ‘নতুন রক্তের সঙ্গে পুরনো টাকার সংঘাত। ক্ষমতার লড়াইয়ে পরিবার আর ব্যবসার সীমারেখা মুছে যায়। খুব শীঘ্রই আসছে ‘ফ্যামিলি বিজনেস’, শুধুমাত্র নেটফ্লিক্সে।’
রিয়ার কামব্যাকের খবরে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। টিজার প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা ও সমর্থনের বন্যা বয়ে যায়। এক নেটিজেন মন্তব্য করেন, ‘রিয়াকে আবার পর্দায় দেখে খুব ভালো লাগছে। উনি এই প্রত্যাবর্তনের যোগ্য।’ আরেকজন লেখেন, ‘ওঁর যাত্রাপথ সাহসের প্রমাণ। ওঁকে শুধু সম্মান করলেই হবে না। ওঁর কাছে সকলের ক্ষমা চাওয়া উচিত।’ কেউ কেউ আবার লেখেন, ‘যা কিছু উনি সহ্য করেছে, তারপরেও হাসিমুখে দাঁড়িয়ে থাকা সহজ নয়। সম্মান রইল।’
রিয়ার অভিনয়জীবনের শুরু হয়েছিল ‘মেরে ড্যাড কি মারুতি’ ছবির মাধ্যমে। এরপর তাঁকে দেখা যায় ‘সোনালি কেবল’, ‘হাফ গার্লফ্রেন্ড’, ‘ব্যাঙ্ক চোর’, ‘জালেবি’-সহ একাধিক ছবিতে। শোনা গিয়েছিল, সুশান্তের সঙ্গে একটি ছবিতে অভিনয়ের কথাও চলছিল তাঁর। তবে অভিনেতার আকস্মিক প্রয়াণে সেই প্রোজেক্ট আর বাস্তবায়িত হয়নি।
সুশান্তের মৃত্যুর পর তাঁদের সম্পর্ককে ঘিরে তৈরি হওয়া বিতর্কে জড়িয়ে পড়েন রিয়া। দীর্ঘদিন তাঁকে আর কোনও ছবি বা সিরিজে দেখা যায়নি। পরে যদিও তিনি এমটিভি রোডিজ-এ গ্যাং লিডার হিসেবে হাজির হন। কয়েক মাস আগে সুশান্ত মৃত্যু মামলায় সিবিআই রিয়াকে ক্লিন চিট দেয়।
অনুরাগীরা মনে করছেন, ‘ফ্যামিলি বিজনেস’ সিরিজটি শুধু রিয়ার অভিনয়ে প্রত্যাবর্তন নয়, বরং তাঁর জীবনের এক নতুন অধ্যায়ের সূচনাও বটে। যা নিয়ে এখন তাকিয়ে অনুরাগী ও দর্শক মহল।
