আজকাল ওয়েবডেস্ক: কোনও প্রতিবন্ধকতাই যে মানুষের ইচ্ছেশক্তিকে দমিয়ে রাখতে পারে না, তারই এক অনন্য উদাহরণ হয়ে উঠলেন অঞ্জয় রায়। একটি পা না থাকলেও প্রায় ৩৫ কিলোমিটার পথ এক পায়ে প্যাডেল করে সাইকেল চালিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নরোত্তম বিশ্বাসের সঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নিলেন তিনি। অন্যরা যখন বাইক এবং টোটোতে করে প্রার্থীর প্রচারের সঙ্গে থাকছেন সেখানে অঞ্জয় অদম্য ইচ্ছেশক্তির জোরে দীর্ঘ পথ সাইকেল চালিয়ে গেলেন। রাস্তার দু’পাশে উপস্থিত স্থানীয় মানুষ কুর্নিশ জানালেন এই একনিষ্ঠ কর্মীকে। তাঁকে সম্মান জানাতে গাইঘাটা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নরোত্তম তাঁর নিজের গলার মালা খুলে পরিয়ে দিলেন বছর পঞ্চাশের অঞ্জয়ের গলায়।

উত্তর ২৪ পরগনার গোবরডাঙা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অঞ্জয় দীর্ঘদিন ধরেই তৃণমূলের সঙ্গে যুক্ত। দলের জন্মলগ্ন অর্থাৎ ১৯৯৮ সাল থেকেই তিনি সক্রিয়ভাবে দলীয় কাজ করে আসছেন এবং বিভিন্ন দায়িত্ব সামলেছেন। তবে ২০১৮ সালে একটি মর্মান্তিক বাইক দুর্ঘটনায় তাঁর একটি পা কেটে বাদ যায়। কিন্তু এই শারীরিক প্রতিবন্ধকতাও তাঁর রাজনৈতিক নিষ্ঠা ও মানসিক দৃঢ়তাকে একটুও টলাতে করতে পারেনি। 

প্রতি বছরের মতো এবারের নির্বাচনী প্রচারেও অঞ্জয় তাঁর অদম্য মনোবল নিয়ে রাস্তায় নেমেছেন। মঙ্গলবার গাইঘাটা বিধানসভার তৃণমূল প্রার্থী নরোত্তম গোবরডাঙা পৌরসভা এলাকায় প্রায় ৩৫ কিলোমিটার জুড়ে প্রচার চালান। সেই দীর্ঘ পথজুড়ে এক পায়ে সাইকেল চালিয়ে তাঁর সঙ্গে তাল মিলিয়েছেন অঞ্জয়। যা উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অঞ্জয় জানান, ছোটবেলা থেকেই দেওয়াল লেখা তাঁর পেশা। এক সময় কংগ্রেসের হয়ে দেওয়াল লিখলেও বর্তমানে তিনি তৃণমূলের হয়েই কাজ করেন। তাঁর কথায়, “লক্ষ টাকা দিলেও আমি অন্য কোনও দলের হয়ে দেওয়াল লিখব না।” অভাবের সংসারে দলীয় দেওয়াল লেখার কাজ করেই তিনি জীবিকা নির্বাহ করেন।

অন্যদিকে, তৃণমূল প্রার্থী নরোত্তম বলেন, “অঞ্জয়ের মতো কর্মীরাই আমাদের দলের আসল শক্তি। যাঁরা শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেও লড়াই করে, তাঁরাই জানে সরকার তাঁদের জন্য কতটা কাজ করেছে। অঞ্জয়েরা আমাদের দলের সম্পদ।”