আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে সোমবারই ছিল প্রচারের শেষ দিন। সন্ধ্যা ৬টার মধ্যে প্রচার শেষ করার নিয়ম ছিল সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের কাছে।
বাংলায় দ্বিতীয় দফার নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম কেন্দ্র হল ভবানীপুর বিধানসভা কেন্দ্র। এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রধান লড়াই তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ব্যানার্জি এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মধ্যে।
ভবানীপুরে রাজ্যে বিজেপির পাশাপাশি প্রচারে এসেছেন কেন্দ্রীয় নেতৃত্বও। এই কেন্দ্রে বাড়তি নজর দিয়েছেন বিরোধী দলনেতাও। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই এই কেন্দ্রে একাধিক বার নির্বাচনী প্রচারে এসেছেন শুভেন্দু।
শেষ দিনের প্রচারেও চমক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন ভবানীপুরের পূর্ণ সিনেমা হলের সামনে থেকে মিছিল করার কথা ছিল নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থীর।
কিন্তু পরে মিছিলের রুট বদল করে এক্সাইড মোড় থেকে শুরু করে মিন্টো পার্ক পর্যন্ত মিছিল করেন শুভেন্দু। বিজেপি এবার তাদের প্রচারে বারবার বাঙালির সংস্কৃতি ও আবেগকে অস্ত্র করে প্রচারে নেমেছে।
এর আগে ২ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার দিন শুভেন্দুর সঙ্গে মিছিল করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিনের মিছিলেও এক অন্য রকম ছবি চোখে পড়ল। মিছিলের প্রথমেই মহিলারা হাঁটছিলেন হাতে শঙ্খ নিয়ে।
আবার কাউকে দেখা গেল কেউ রণ-পা নিয়ে হাঁটতে। আবার, অন্য দিকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে নাচতে দেখা গিয়েছে। বাদক, নাম সংকীর্তনের দলও মিছিলে ছিল এদিন।
বিজেপি সূত্রে খবর, শেষ প্রচারকে অন্য রকম মাত্রা দিতেই বিশেষ আয়োজন। এদিনের মিছিলে যোগ দিয়েছিলেন সাধু-সন্ন্যাসীরাও। শুভেন্দু অধিকারীর সঙ্গে এদিন মিছিলে যোগ দেন অশোক দিন্দা, মনোজ তিওয়ারি, শমীক ভট্টাচার্য, বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি, বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। মিছিল শেষে হরিশ মুখার্জী রোডে ২৩ পল্লী দুর্গা মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী।















