আজকাল ওয়েবডেস্ক: ভবানীপুরের রিটার্নিং অফিসারকে একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি অভিযোগ করেন তাকে নাকি নিজের কেন্দ্রেই সভা করতে দেওয়া হচ্ছে না। এরপরই তিনি সেখানে গিয়ে চায়ের আড্ডা দিলেন। 


এদিন সভামঞ্চ থেকে তিনি বলেন, ‘আমি আমার বিধানসভা কেন্দ্রে কলিন স্ট্রিতে যাব। যদি অন্য কোনও পার্টির মিটিং থাকত, আমি চাইতাম অনুমতি, আমাকে দিচ্ছ না। আমি কিছু বলতাম না। কোনও পার্টির মিটিং নেই। এত বড় সাহস, ওই গদ্দার একজনকে ভবানীপুরের রিটার্নিং অফিসার করে পাঠিয়েছিল, সে বলছে পারমিশন দেব না। আমি দেখব নির্বাচনের পরে তোমাকে বিজেপি গভর্নর করে, নাকি রাষ্ট্রপতি করে?’ 


তিনি আরও বলেন, ‘শুধু তাই নয়, সভা করতে অনুমতি না দিলেও চা খেতে যেতে কেউ আটকাতে পারবে না। তুমি আমাকে পারমিশন না দিয়ে আটকাবে? আমি মিটিং করব না। কিন্তু আমি তো চা খেতে যেতে পারি। তুমি আমার চা খাওয়া বন্ধ কর তো? সাহস থাকলে দেখব। আমার মিটিং করার দরকার নেই। আমি একটা জায়গায় গিয়ে রাস্তায় গিয়ে বসলেই সব চলে আসবে।’

 


২৯ তারিখ রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। কলকাতার ভবানীপুর কেন্দ্রে ওই দিনই ভোট। মমতা ব্যানার্জি নিজে এবারও ওই কেন্দ্রের প্রার্থী। এবার তাঁকেই নিজের কেন্দ্রে প্রচারে আটকানো হচ্ছে বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনার জগদ্দলের সভা থেকে এদিন তৃণমূল নেত্রী সরাসরি অভিযোগ করলেন।