আজকাল ওয়েবডেস্ক: ভোটের আগের রাতে গ্রেপ্তার হলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের ভাইপো। বুধবার গভীর রাতে শক্তিপুর থেকে গ্রেপ্তার হয়েছেন ভরতপুরের বিদায়ী বিধায়কের ভাইপো।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেজিনগর থানায় হুমায়ুনের ভাইপো রাজা শেখের বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের একটি অভিযোগ দায়ের হয়েছিল। পুরনো সেই মামলাতেই শক্তিপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে হুমায়ুনের ভাইপোকে।
যদিও রাজাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি হুমায়ুনের। ভাইপোকে 'মিথ্যা' কারণে গ্রেপ্তারির প্রতিবাদে থানা ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন 'আম জনতা উন্নয়ন পার্টি'র চেয়ারম্যান হুমায়ুন কবীর।
অন্যদিকে বুধবার গভীর রাতে ভগবানগোলা বিধানসভা এলাকার আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী সহ আরও কয়েকজন কর্মী সমর্থককে রানিতলা থানায় তুলে নিয়ে আসা হয়েছিল বলে জানা গিয়েছে। তাঁদের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস তৈরি করার চেষ্টার অভিযোগ এনেছে পুলিশ। যদিও প্রার্থীকে পুলিশ ছেড়ে দিয়েছে।
















