আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে অবাধ ভোট করতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন। ভোট ঘোষণা হওয়ার পর থেকেই একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে কমিশন। এবার ভোটের কাজে যুক্ত আধিকারিকদের হুঁশিয়ারি দিল কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (সিইও)-এর দপ্তর থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে যে, নির্বাচনী আধিকারিকরা কোনও নিয়ম ভাঙলে ১৯৫১ সালের ভারতীয় জনপ্রতিনিধি আইন অনুযায়ী জেল অথবা জরিমানা দুটোই হতে পারে।
সিইও জানিয়েছে, ভারতীয় জনপ্রতিনিধি আইনের ধারা ১২৯ অনুযায়ী, ভোটের কাজে যুক্ত কোনও সরকারি আধিকারিক বা কর্মী, যেমন জেলা নির্বাচন আধিকারিক, রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ আধিকারিকরা কোনও নির্দিষ্ট প্রার্থীর হয়ে প্রচার করেন, ভোটারকে প্রভাবিত করেন বা তাঁর সুবিধা করে দিতে কোন কাজ করেন তাহলে ছয় মাস পর্যন্ত জেল অথবা জরিমানা বা দুটোই হতে পারে।
এছা়ডাও, ধারা ১৩৪৭ অনুযায়ী, কোনও সরকারি কর্মী নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট বা কাউন্টিং এজেন্ট হিসেবে কাজ করলে তাঁর তিন মাস পর্যন্ত জেল অথবা জরিমানা বা দুটোই হতে পারে। ধারা ১২৮ অনুযায়ী, কোনও সরকারি কর্মী বা আধিকারিক ভোটগণনা সংক্রান্ত গোপনীয়তা রক্ষা না করলে তাঁর তিন মাস পর্যন্ত জেল অথবা জরিমানা বা দুটোই হতে পারে।
এছাড়াও সিইও দপ্তর জানিয়েছে, ভোট দেওয়ার জন্য বা না দেওয়ার জন্য কাউকে ঘুষ দিলে ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী এক বছর পর্যন্ত জেল অথবা জরিমানা বা উভয়ই হতে পারে। কোনও ভোটারকে ভয়, হুমকি বা ধর্মীয় কারণ দেখিয়ে প্রভাবিত করলে এক বছর পর্যন্ত জেল অথবা জরিমানা বা উভয়ই হতে পারে। অন্য কারও হয়ে ভোট দিলে বা একাধিকবার ভোট দিলে এক বছর পর্যন্ত জেল অথবা জরিমানা বা উভয়ই হতে পারে। কোনও প্রার্থীর চরিত্র বা ব্যবহার নিয়ে মিথ্যা প্রচার করে নির্বাচনকে প্রভাবিত করলে জরিমানা হতে পারে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন কঠোর বিধিনিষেধ জারি করেছে। ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে বাইক র্যালি ও বাইক চলাচলের উপর নিষেধাজ্ঞা, বেআইনি জমায়েত বন্ধ এবং ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। কোনও পোলিং এজেন্ট আধ ঘণ্টার বেশি বুথের বাইরে থাকলে কেন্দ্রীয় বাহিনীকে তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের শাসকদলের হয়ে প্রচারের অভিযোগে পাঁচ জন বিএলও-কে সাসপেন্ড করেছে কমিশন। তিন জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশও দেওয়া হয়েছে।















