মনিরুল হক, কোচবিহার: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কোচবিহারের শীতলকুচিতে কর্মীদের বড়সড় রাজনৈতিক বার্তা দিলেন অভিষেক ব্যানার্জি। শীতলকুচির পঞ্চায়েত সমিতির ‘প্লে-গ্রাউন্ডে’ আয়োজিত বিশাল জনসভা থেকে একুশের বিধানসভা নির্বাচনের রক্তাক্ত স্মৃতি তুলে ধরে বিজেপি ও কেন্দ্রীয় বাহিনীকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।
সভার শুরুতেই ২০২১ সালের নির্বাচনের ঘটনাকে সামনে এনে অভিষেক বলেন, “সেই সময় শীতলকুচিতে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, তা এখনও মানুষের মনে দাগ কেটে রয়েছে।” তাঁর অভিযোগ, ওই নির্বাচনে বিজেপি, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর কথায়, “মানুষের রক্ত ঝরেছিল, নিরীহ ভোটারদের গুলি করে হত্যা করা হয়েছিল।” ঘটনার জন্য সরাসরি কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেন।
অভিষেকের দাবি, শুধুমাত্র ক্ষমতা দখলের উদ্দেশ্যে সাধারণ মানুষের উপর অত্যাচার চালানো হয়েছিল। তিনি বলেন, “এই মাটি সেই অন্যায়ের সাক্ষী। কিন্তু শীতলকুচির মানুষ মাথা নত করেননি, প্রতিবাদ করেছেন।” তিনি আরও স্মরণ করিয়ে দেন, সেই সময় পরিস্থিতি জানতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছিলেন মমতা ব্যানার্জি।
সভা থেকে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, আসন্ন নির্বাচনে মানুষই তার জবাব দেবেন। তাঁর বক্তব্য, “শীতলকুচির মানুষই বিজেপিকে এই এলাকা থেকে সম্পূর্ণ মুছে দেবেন।” পাশাপাশি কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ভোটের দিন সবাইকে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে।”
এই জনসভায় তৃণমূলের শক্তি প্রদর্শনও স্পষ্ট ছিল। বিপুল জনসমাগমের দিকে ইঙ্গিত করে অভিষেক আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, মানুষের সমর্থন তাঁদের সঙ্গেই রয়েছে। ভোটের আগে শীতলকুচিতে এই জনসভা রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলেছে। একদিকে অতীতের ঘটনাকে সামনে এনে আবেগঘন বার্তা, অন্যদিকে ভবিষ্যতের লড়াইয়ের ডাক। সব মিলিয়ে এই সভা যে নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে, তা বলাই যায়।
















