আজকাল ওয়েবডেস্ক: ভোটদান করতে গিয়ে এক মহিলার আকস্মিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে। মৃতার নাম ইসরাতন বিবি (প্রায় ৫০)। তিনি কেশপুরের সীমা গেরিয়া এলাকার বাসিন্দা। ভোট দিয়ে বুথের বাইরে আসতেই অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। বাসিন্দারা এগিয়ে এলেও শেষরক্ষা হয়নি। এই ঘটনায় শোকের আবহ কেশপুরে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর)প্রক্রিয়ায় তাঁর স্বামী শেখ নবাবজান আলির নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে। সেই ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইসরাতন বিবি। স্বামীকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বা ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটছিল পরিবারের।
এর আগে বহুবার স্বামী-স্ত্রী একসঙ্গে ভোট দিলেও এবারে স্বামীর নাম তালিকায় না থাকায় গভীর উদ্বেগে ছিলেন তিনি। সেই মানসিক চাপ নিয়েই বৃহস্পতিবার সকালে তিনি নিকটবর্তী একটি বুথে ভোট দিতে যান। অভিযোগ, ভোট দেওয়ার পর বুথ থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত স্থানীয় বাসিন্দারা দ্রুত সাহায্যের চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মৃতার পরিবারে রয়েছেন তাঁর স্বামী, দুই ছেলে ও দুই মেয়ে। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এলাকাজুড়ে ছড়িয়েছে দুঃখ ও উদ্বেগের পরিবেশ। ঘটনার খবর পেয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা মৃতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে কেশপুর এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। পাশাপাশি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় মহলে।
শিউলি বলেন, “যিনি মাতৃহারা হলেন, যিনি স্ত্রীকে হারালেন তাদের কী হবে। জানি না কবে ঘুম ভাঙবে। আর কত প্রাণ গেলে খুশি হবেন। এক মাত্র মৃতার নাম বাদে সবার নাম মুছে দেওয়া হয়েছে। জ্ঞানেশ কুমার আপনি প্রমাণ করুন এঁরা অনুপ্রবেশকারী। এরা গণতন্ত্রের লজ্জা।”
তীব্র গরমে ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়াতে দাঁড়াতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন পটাশপুর বিধানসভার ২৩৪ নম্বর বামনবাড় বুথের ভোটার নীপেন্দ্রনাথ দাস (৫৮)। ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে অচৈতন্য অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রাণ হারান ওই ব্যক্তি। চিকিৎসকেরা জানিয়েছেন, চড়া রোদে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি।
















