আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনের ইভিএম মেশিন খোলার পর সোমবার সময় যতই গড়াচ্ছে ততই মুর্শিদাবাদের দু'টি বিধানসভা কেন্দ্র- রেজিনগর এবং নওদায় জয়ের দিকে এগিয়ে চলেছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর।
ভরতপুরের বিদায়ী তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে গত ডিসেম্বর মাসে তৃণমূল কংগ্রেস দল বিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগে সাসপেন্ড করে। এর পরই হুমায়ুন কবীর নিজের নতুন রাজনৈতিক দল, আম জনতা উন্নয়ন পার্টি তৈরি করেন এবং বিধানসভা নির্বাচনে লড়ার কথা ঘোষণা করে দেন।
নিজের দলের বিভিন্ন কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণার সময় হুমায়ুন কবীর জানিয়েছিলেন তিনি নিজে মুর্শিদাবাদ জেলার নওদা এবং রেজিনগর দু'টি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জয়ী হবেন। এবারের বিধানসভা নির্বাচনে হুমায়ুনের দল রাজ্যের প্রায় ১৮০টি কেন্দ্রে প্রার্থী দিয়েছিল। তবে বিধানসভা নির্বাচনের আগেই হুমায়ুনের দলের একাধিক প্রার্থীর তাঁর সঙ্গ ছেড়েছেন।
এর পাশাপাশি হুমায়ুনের দলের রাজ্য সভাপতি পীরজাদা খোবায়েব আমিনও ভোটের মাত্র কয়েকদিন আগে হুমায়ুনের সঙ্গ ছেড়েছেন। হুমায়ুনের একটি বিতর্কিত ভিডিও প্রকাশ্যে আসার পর এবারের নির্বাচনে হুমায়ুনের দলের জোট সঙ্গী 'মিম'ও তাঁর সঙ্গ ত্যাগ করে।
তবে এত প্রতিকূলতাও যে হুমায়ুনের উপর বিন্দুমাত্র প্রভাব ফেলেনি তা তিনি বারে বারে সংবাদমাধ্যমে জানিয়েছেন। নির্বাচনী ফল প্রকাশের আগে আত্মবিশ্বাসী হুমায়ুন জানিয়ে দিয়েছিলেন, তিনি নিজে নওদা এবং রেজিনগর দু'টি বিধানসভা কেন্দ্র থেকেই জিতবেন এবং রেজিনগর আসনটি তিনি পরে ছেড়ে দেবেন। সেই আসনে ভবিষ্যতে লড়বেন তাঁর ছেলে গোলাম নবী আজাদ রবিন।
জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল অনুযায়ী সোমবার বিকাল ৪ টে পর্যন্ত ১০ রাউন্ডের গণনা শেষে রেজিনগর বিধানসভা কেন্দ্রে হুমায়ুন ৮৫৬৭৯ টি ভোট পেয়েছেন। তিনি তাঁর নিকটতম প্রার্থী বিজেপির বাপন ঘোষের থেকে ৪১২০৬টি ভোটে এগিয়ে রয়েছেন। রেজিনগর কেন্দ্রে মোট ১৫ রাউন্ডের গণনা হবে। ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী আতাউর রহমান ২৮৪৩২ টি ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
অন্যদিকে জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী নওদা বিধানসভা কেন্দ্রে ১৩ রাউন্ডের শেষে হুমায়ুন কবীর তাঁর নিকটতম প্রার্থী বিজেপির রানা মণ্ডলের থেকে ২০৫৫৬ ভোটে এগিয়ে রয়েছেন। ওই কেন্দ্রে ২০ রাউন্ড গণনা হবে।
১৩ রাউন্ডের গণনা শেষে নওদা কেন্দ্রে হুমায়ুনের প্রাপ্ত ভোট ৫৯৮৩৬। অন্যদিকে ওই কেন্দ্রে তৃতীয় স্থানে থাকা তৃণমূল কংগ্রেসের প্রায় বিদায়ী বিধায়ক শাহিনা মমতাজ খান পেয়েছেন ৩২৩৮৪ ভোট। আত্মবিশ্বাসী হুমায়ুন বলেন, "নওদা এবং রেজিনগর দুটি বিধানসভা কেন্দ্র থেকে আমার জয় এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা।"
















