আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনী প্রচারের শেষ লগ্নে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা এলাকায় চরম উত্তেজনা ছড়াল। মঙ্গলবার দুপুরে মোহনপুর ব্লকের আঁতলা এলাকায় বিজেপি প্রার্থী অজিত জানার মিছিলকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে  দুষ্কৃতীদের বিরুদ্ধে।


বিজেপি সূত্রে জানা গিয়েছে, এদিন হরিপুর থেকে মিছিল শুরু করে মোহনপুরের দিকে যাচ্ছিলেন প্রার্থী অজিত জানা ও তাঁর সমর্থকেরা। অভিযোগ, আঁতলা এলাকায় পৌঁছতেই একদল দুষ্কৃতী লাঠিসোটা ও অস্ত্র নিয়ে রাস্তা আটকে দেয়। এরপর আচমকাই মিছিলের উপর হামলা চালানো হয় এবং শুরু হয় বেধড়ক মারধর।


হামলায় বিজেপি প্রার্থী অজিত জানা নিজেও আহত হয়েছেন বলে দাবি দলের। পাশাপাশি বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ। ঘটনায় একাধিক বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন। আহতদের দ্রুত মোহনপুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়।


বিজেপির দাবি, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ওড়িশার বালাসোর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।