আজকাল ওয়েবডেস্ক: বলিউডের মহাতারকা হওয়ার অনেক আগে তিনি ছিলেন শুধুই কলকাতার এক ঝুপড়ির সাধারণ ছেলে, গৌরাঙ্গ চক্রবর্তী। সেই সময় তাঁর প্রতিবেশী ছিলেন জ্যোৎস্না পাল। বর্তমানে মালবাজারের নেতাজি কলোনির বাসিন্দা তিনি। ৬০ বছর আগে তাঁর চোখে মিঠুন ছিলেন কেবলই এক রোগা-কালো ছটফটে কিশোর। 

 

সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেলেও, হারিয়ে যায়নি সেই স্মৃতি। দীর্ঘ ছয় দশক পর যখন মিঠুন চক্রবর্তী মালবাজারে রোড শো করতে আসেন, তখন ৬৫ বছর বয়সি জ্যোৎস্না দেবী প্রিয় 'গৌরাঙ্গ'কে দেখার জন্য দুই ঘণ্টা ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করেন। অবশেষে যখন দেখা হল, তখন সুপারস্টার আর সাধারণ মানুষের ভেদাভেদ মুছে গেল। 

 

বৃদ্ধা জ্যোৎস্না দেবী পরম মমতায় জড়িয়ে ধরলেন তাঁর শৈশবের সেই প্রতিবেশীকে। দীর্ঘ ৬০-৬৫ বছর পর দুই পুরোনো মানুষের এই মিলন যেন কোনও হলিউড সিনেমার দৃশ্যকেও হার মানায়। এক নিমিষেই ফিরে এল ফেলে আসা শৈশবের সেই ধুলোমাখা দিনগুলো। 

 

প্রসঙ্গত, আর ১০ দিন পরেই বাংলায় প্রথম দফার ভোট। উত্তরবঙ্গে দফায় দফায় প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জোরকদমে ভোট প্রচারে সামিল মিঠুন চক্রবর্তীও। 

বাংলায় প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল। ১৫২ আসনে হবে প্রথম দফার ভোট। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। এই দফায় ১৪২ আসনে ভোট হবে। আগামী ৪ মে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। 

২৩ এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফার ভোট হবে: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। 

২৯ এপ্রিল বুধবার দ্বিতীয় দফার ভোট হবে: কলকতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা।