আজকাল ওয়েবডেস্ক: যুগলকে প্রকাশ্যে ল্যাম্পপোস্টে বেঁধে নির্যাতন। উদ্ধারে গেলে পুলিশের উপর হামলার অভিযোগ।পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে উত্তেজিত জনতা বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন কয়েকজন পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানায় জালালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শেরপুর গ্রামে। 

 

 

ঘটনার সূত্রপাত, গত দুদিন আগে। কিন্তু এখনও সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ পৌঁছে শেষে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক যুগলকে আমবাগানে দেখতে পেয়ে তাঁদের 'আটক' করে গ্রামবাসীদের একাংশ। আমবাগান থেকে রাস্তায় তুলে এনে যুগলকে বেধড়ক মারধর শুরু হয়। শুরু হয় নীতিপুলিশি। বসে সালিসি। শাস্তিস্বরূপ যুগলকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্মম অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। খবর পেয়ে রাতেই জালালপুরের শেরপুর গ্রামে ছুটে যায় কালিয়াচক থানার পুলিশ। যুগলকে উদ্ধার করতে বাধা দেয় উত্তেজিত জনতা। শুরু হয় জনতা-পুলিশ বচসা। হঠাৎ বাসিন্দাদের একাংশ পুলিশকর্মীদেরও মারধর শুরু করে বলে অভিযোগ। অভিযোগ, পুলিশকর্মীদের উপর লাঠিসোটা এবং ইট পাথর নিয়ে হামলা চালানো হয়।  

 

 

এরপর বিশাল পুলিসবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরি। ইট ও লাঠির আঘাতে জখম হন বেশ কয়েকজন পুলিশকর্মী। ওই যুগলকে উদ্ধার করে কালিয়াচক থানায় নিয়ে যাওয়া হয়। কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরি জানিয়েছেন, যুগলকে মারধরের খবর পেয়ে পুলিশ শেরপুর এলাকায় যায়। তাঁদের উদ্ধারের চেষ্টা করতেই পুলিশের উপর চড়াও হয় বেশ কয়েকজন। শেষপর্যন্ত উদ্ধার করা গিয়েছে যুগলকে।