আজকাল ওয়েবডেস্ক: ফের দক্ষিণ ২৪ পরগনায় খুন হলেন তৃণমূল নেতা। এবার খুনের ঘটনাটি ঘটেছে গোসাবা বিধানসভা এলাকায়। সুন্দরবন উপকূলীয় থানার পূর্ব রাধানগর এলাকায়। মৃতের নাম মোছাকুলি মোল্লা এবং তিনি তৃণমূলের বুথ সভাপতি ছিলেন বলে জানা গিয়েছে। জানা যায়, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজের অভিযোগ পেয়ে মোছাকুলি খতিয়ে দেখতে গেছিলেন। সেখানেই তাঁকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মোছাকুলিকে প্রথমে গোসাবা হাসপাতাল এবং পরে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। কিন্তু মোছাকুলিকে বাঁচানো যায়নি। উল্লেখ্য, অল্প সময়ের ব্যবধানে এর আগে জয়নগর ও আমডাঙাতেও খুনের ঘটনা ঘটেছে। খুন হওয়া ব্যক্তিরা প্রত্যেকেই ছিলেন তৃণমূলের স্থানীয় নেতা। স্থানীয় সূত্রে অভিযোগ শোনা গিয়েছে, ঘটনার পেছনে দায়ী তৃণমূলের গোষ্ঠীকোন্দল। উঠে এসেছে বাকিবুর নামে এলাকার আরও এক তৃণমূল নেতার নামও। যদিও সরকারিভাবে এবিষয়ে তৃণমূলের কোনও বক্তব্য জানা যায়নি।
Murder: দক্ষিণ ২৪ পরগণায় ফের খুন তৃণমূল নেতা
















