আজকাল ওয়েবডেস্ক:‌ ৭০০ টাকা দিলেই মিলবে স্বাস্থ্যসাথী কার্ড। কার্ডের ছবি তোলার জন্য কোন লাইনও দিতে হবে না। দালালচক্র সক্রিয় মানিকচকে। তাও আবার একেবারে ব্লক অফিস চত্বরে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। জানা গেছে, ওই এলাকায় স্বাস্থ্যসাথী কার্ড করতে এসে খালি হাতেই ফিরে যেতে হয়েছে অনেক উপভোক্তাকে। উপভোক্তাদের দাবি, সক্রিয় রয়েছে দালালচক্র। অভিযোগ, প্রশাসনের কোনও হেলদোল নেই। 
প্রসঙ্গত, মানিকচক ব্লক কমিউনিটি হলে ব্লক প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যসাথী কার্ড প্রদান শিবিরের আয়োজন করা হয়েছে। ওই শিবিরে ধরমপুর, নূরপুর ও মানিকচক অঞ্চলের বেশ কিছু বাসিন্দা কার্ড করতে আসলে তাদের আবেদনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে শিবির থেকে ফেরত পাঠানো হয়। অভিযোগ, শিবির থেকে বেরোতেই বেশ কিছু দালাল তাদের দেখতে পেয়ে বলে ৭০০ টাকা দিলেই তাদের তৎক্ষণাৎ স্বাস্থ্যসাথীর কার্ড করে দেওয়া হবে। রীতিমতো চমকে যান উপভোক্তারা। এত টাকা দিয়ে ওই কার্ড করাতে অনেকেই রাজি হননি।