আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে হার্দিক পাণ্ডিয়াকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত যে সফল হয়নি, তা নিয়ে ফের সরব হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। তাঁর মতে, গত তিন বছরে নিজের চোখের সামনেই ভেঙে পড়তে দেখেছেন রোহিত শর্মার নিজের হাতে তৈরি ‘সাম্রাজ্য’।

এক সাক্ষাৎকারে মনোজ তিওয়ারি বলেন, ''গত তিন বছরে রোহিত শর্মা নিজের সাম্রাজ্য ভেঙে পড়তে দেখেছে। ডাগআউটে তাঁর মুখের অভিব্যক্তিতেই সেটা বোঝা যায়। ভিতরে ভিতরে রোহিত জানে, যদি ও অধিনায়ক থাকত, তাহলে হয়তো কিছু সিদ্ধান্ত অন্যরকম হত।''

২০২৪ আইপিএলে তলানিতে শেষ করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ২০২৬ মরশুমেও দল একই পরিস্থিতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে আগামী মরশুমে নতুন অধিনায়ক দেখবে মুম্বই, এমনটাই মনে করছেন মনোজ তিওয়ারি।

তাঁর কথায়, ''আমি ২০০ শতাংশ নিশ্চিত, আগামী মরসুমে মুম্বই নতুন অধিনায়ক পাবে। সেটা সূর্যকুমার যাদব হোক বা জশপ্রীত বুমরাহ। তবে বুমরাহ পেসার হওয়ায় চোটের ঝুঁকি থাকে, তাই সূর্যকুমারই ভাল বিকল্প।'' 

তবে নিজের পছন্দের কথাও স্পষ্ট জানিয়েছেন মনোজ তিওয়ারি। তিনি বলেন, ''মন থেকে চাই, রোহিত শর্মাকে আবার অধিনায়ক করা হোক। এতে তাঁর প্রাপ্য সম্মান ফিরবে। রোহিত ফিরলে আবারও দলকে গুছিয়ে তুলতে পারবে।'' 

এদিকে প্রাক্তন ভারতীয় স্পিনার মুরলী কার্তিকও মুম্বই ইন্ডিয়ান্সের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, দলের পুরনো তারকাদের উপেক্ষা করে বাইরে থেকে হার্দিককে এনে অধিনায়ক করাটা ড্রেসিংরুমের পরিবেশ নষ্ট করেছে। 

কার্তিক বলেন, ''দলের রিটেন করা তিন ক্রিকেটার ছিল রোহিত শর্মা, জশপ্রীত বুমরাহ এবং সূর্যকুমার যাদব। তারপর বাইরে থেকে কাউকে এনে অধিনায়ক করা হলে, সেটা স্বাভাবিকভাবেই দলের পরিবেশে প্রভাব ফেলবে। ক্রিকেটারদের কাছে এটা বড় ধাক্কা ছিল।''