আজকাল ওয়েবডেস্ক: কাজ কেমন হচ্ছে? বা দালাল চক্র কি সক্রিয়? খতিয়ে দেখতে আচমকাই জলপাইগুড়ির ধূপগুড়ি রেজিস্ট্রার এবং ভূমি ও ভূমি সংস্কার (land and land reforms) দপ্তরে হাজির মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা। সঙ্গে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক গেলসন লেপচা। কিন্তু দীর্ঘক্ষণ বসে থেকেও তাঁরা দেখা পেলেন না ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের। দৃশ্যতই বিরক্ত ও ক্ষুব্ধ মহকুমা শাসক এরপর নিজেই অপেক্ষা না করে বাইরে বেরিয়ে পরিষেবা নিতে আসা অপেক্ষমান লোকেদের সঙ্গে কথা বলেন।

 

 

জানতে চান সরকারি পরিষেবা পেতে কোনও দালালের আশ্রয় নিতে হচ্ছে কিনা। মহকুমা শাসক ও মহকুমা পুলিশ আধিকারিক তাঁদের পরামর্শ দেন, তাঁরা যেন কোনও অবস্থাতেই দালালের খপ্পরে না পড়েন এবং প্রয়োজনে যেন পুলিশ বা শীর্ষ কর্তাদের নজরে বিষয়টি আনেন।  এদিন সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলার পর এক ব্যক্তি মহকুমা শাসকের কাছে এসে দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ জানান।

 

 

তাঁর অভিযোগ, একসময় ওই দপ্তরের কর্মী হয়েও তিনি সুবিচার পাচ্ছেন না। মহকুমা শাসককে তিনি বলেন, তাঁর ৩৫ বিঘা জমির মধ্যে প্রায় ৬ বিঘা জমি বেদখল হয়ে গিয়েছে। প্রতিকার চেয়ে বারবার তিনি দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলেও তাঁর কথা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না। ঘটনা শুনেই মহকুমা শাসক বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। অপেক্ষা করেও ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের দেখা না পাওয়ার প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও তিনি বলেন, জেলা শাসকের নির্দেশেই তিনি পরিদর্শনে এসেছেন।