আজকাল ওয়েবডেস্ক: সাত দফায় হবে লোকসভা নির্বাচন। যার প্রথম দফা আগামী ১৯ এপ্রিল। ওইদিন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার লোকসভা কেন্দ্রে হবে ভোটগ্রহণ। প্রথম দফার নির্বাচনে রাজ্যের তিনটি লোকসভা আসনে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার, রিটার্নিং আধিকারিক, ডেপুটি নির্বাচন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ভোটগ্রহণ কেন্দ্রে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ আইন–শৃঙ্খলা নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে আলোচনা হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে।















