আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের এসআইআর (SIR) প্রক্রিয়ার প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। শনিবার বিকেলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সাংবাদিক বৈঠকে সামগ্রিক পরিসংখ্যান তুলে ধরেন। প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৬,৪৪,৫২,৬০৯ জন।

গত ১৬ ডিসেম্বর ২০২৫-এর খসড়া তালিকায় ভোটারের সংখ্যা ছিল ৭,০৮,১৬,৬৩০ জন। অর্থাৎ, চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা কমেছে ৬৩,৬৪,০২১ জন। এর মূল কারণ হিসেবে বিপুল সংখ্যক নাম 'বিচারাধীন' বা 'Under Adjudication' থাকা এবং নাম বাদ দেওয়াকে চিহ্নিত করা হয়েছে।

তালিকার প্রধান তথ্যগুলি নিচে দেওয়া হলো:

 - মোট ভোটার যাঁরা ভোটাধিকার পেয়েছেন।: ৬,৪৪,৫২,৬০৯ (পুরুষ: ৩,২৮,১০,৮৭২; মহিলা: ৩,১৬,৪০,৫৮৫; তৃতীয় লিঙ্গ: ১,১৫২)।

 - বিচারাধীন ভোটার: প্রায় ৬০,০৬,৬৭৫টি নাম এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। বিচার বিভাগীয় কর্তৃপক্ষ এগুলির নিষ্পত্তি করলে পরবর্তী তালিকায় এই নামগুলো আপডেট করা হবে।

 -লিঙ্গ অনুপাত: খসড়া তালিকায় লিঙ্গ অনুপাত ৯৫৬ থাকলেও চূড়ান্ত তালিকায় তা বেড়ে দাঁড়িয়েছে ৯৬৪।

 - সংযোজন ও বিয়োজন: ১,৮২,০৩৬টি নাম নতুন যুক্ত হয়েছে এবং ৫,৪৬,০৫৩টি নাম বাদ (Delete) হয়েছে।

ভোটাররা কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট eci.gov.in বা রাজ্যের ceowestbengal.wb.gov.in-এ গিয়ে নিজেদের নামের বর্তমান স্ট্যাটাস যাচাই করতে পারবেন। তালিকায় নামের পাশে Active, Adjudication, অথবা Deleted—এই তিন ধরণের স্ট্যাটাস দেখা যাচ্ছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩ ধরণের নথিকে পরিচয়পত্র হিসেবে বৈধতা দেওয়া হয়েছে এবং ত্রুটি সংশোধনের সুযোগ এখনও খোলা রয়েছে। 

২০২৫ সালের নিরিখে যে সংশোধন হয়েছে, তার যাবতীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর চূড়ান্ত তালিকার প্রথম দফা প্রকাশ পেয়েছে শনিবার। এই তথ্য সেই তালিকার ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। বিচার সাপেক্ষ ভোটারদের এখনও সুযোগ থাকছে আবেদন করার। সেক্ষেত্রে পরবর্তীকালে মোট ভোটারের সংখ্যা ফের পাল্টাতে পারে।