আজকাল ওয়েবডেস্ক: সিঙ্গুরে ব্যবসায়ীর রহস্যমৃত্যু। বুধবার রাতে রাস্তার ধার থেকে ব্যবসায়ীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম সোমনাথ মাইতি (৩২)। বাড়ি দিয়ারার মালিকপাড়ায়। হরিপুর বাজারে ব্যবসায়ীর ফটো স্টুডিও রয়েছে। পাশাপাশি ভিডিও এডিটিংয়ের কাজও করতেন তিনি। জানা গেছে, সিঙ্গুরের মহম্মদপুরে বুধবার রাতে নিজের ফটো স্টুডিও থেকে স্কুটার নিয়ে বাড়ি ফিরছিলেন সোমনাথ। পথে সোমনাথের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। অভিযোগ, তাঁর গলায় ছুরির কোপ মারা হয়। রক্তাক্ত অবস্থায় ওই ব্যবসায়ীকে রাস্তায় পরে থাকতে দেখে স্থানীয়রা সিঙ্গুর হাসপাতালে নিয়ে যান। কিন্তু ব্যবসায়ীকে বাঁচানো যায়নি।
এদিকে, ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে যায় সিঙ্গুর থানার পুলিশ। স্কুটারটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। কী কারণে এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যবসায়িক বা ব্যক্তিগত শত্রুতা কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্রের আঘাতে ওই ব্যবসায়ীকে খুন করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
