আজকাল ওয়েবডেস্ক: শিলিগুড়ি শহরকে তার মুক্ত ও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে বেশ কিছু মাস ধরে চলছে আন্ডার গ্রাউন্ড কেবলের কাজ। এবার সেই কাজ করতে গিয়েই ক্ষতির মুখে এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, শিলিগুড়ি পুরসভার অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লী এলাকায় আজ সকালে একটি ট্রান্সফরমার পাল্টানোর কাজ শুরু হয়। ট্রান্সফরমার পাল্টাতে গিয়েই অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ হয়ে এলাকায় একাধিক বাড়িতে থাকা ইলেক্ট্রনিক সরঞ্জাম নষ্ট হতে শুরু করে।
এলাকাবাসীদের অভিযোগ বিদ্যুৎ দপ্তর বা পুরো নিগমের তরফ থেকে কোনওরকম আগাম সতর্কবার্তা না দিয়েই ট্রান্সফর্মার পাল্টানোর কাজ শুরু করেন কর্মীরা। নিমেষের মধ্যেই অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ হয়ে বাড়িতে থাকা টিভি ফ্রিজ এসির মতন সরঞ্জাম গুলো নষ্ট হতে শুরু করে। সরঞ্জামের ক্ষতির পাশাপাশি কোনওরকম আহত বা নিহত ঘটনা না ঘটলেও যে কোনও সময় বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত, এই অভিযোগ নিয়েই বাসিন্দারা এলাকায় আসা পুর কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
এলাকাবাসীদের দাবি তাঁদের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসেব-নিকেশ করে ক্ষতিপূরণ না দিলে তারা এলাকায় কাজ বন্ধ রাখবেন। এই বিষয়ে বিদ্যুৎ বিভাগের এক আধিকারিক জানান, পুরনিগম ও বিদ্যুৎ বিভাগের যৌথ প্রয়াশে এই কাজ চলছে। যে ঘটনা ঘটে গিয়েছে সেটা আকস্মিৎ। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের বিক্ষোভে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।
















